বিদেশে নারী কর্মী পাঠানোর আগে প্রশিক্ষণ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব কিংবা বিদেশে নারী কর্মী পাঠানোর আগে অবশ্যই যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। একজন কর্মী যত বেশি প্রশিক্ষণ পাবেন, তত বেশি দক্ষ হবেন আর বেতনও বেশি হবে। তবে নারী কর্মীদের অধিকার ও নির্যাতনের হাত থেকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ জন্য দূতাবাসে একজন নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত।

আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘নিরাপদ নারী অভিবাসন: বায়রা ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বায়রার মাসিক ফোরাম উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এই মাসিক ফোরামে সহায়তা দেয়।

অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশ কেন সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধ করল, সেটি খতিয়ে দেখা উচিত। কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করা উচিত। আর বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণে নানা দুর্বলতা আছে। এ বিষয়গুলো মাথায় রাখা উচিত। ’

এনআরবির চেয়ারম্যান শেকিল চৌধুরী বলেন, নারীদের পাঠানোর আগে বাস্তবসম্মত প্রশিক্ষণ দিতে হবে। আর সৌদি আরবে বছরে এক লাখ ২০ হাজার কর্মী পাঠানো বাস্তবে বেশ কঠিন। এ ক্ষেত্রে কৌশল ঠিক করতে হবে।

আইওএমের কর্মসূচি কর্মকর্তা ম্যাক্সিমিলিয়ান পোটলার বলেন, প্রশিক্ষণের মান বাড়াতে আইওম প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে।

বায়রার সভাপতি আবুল বাসার বলেন, সৌদি আরবে যেতে নারী কর্মীদের কোনো টাকা লাগবে না। আর নারীরা যেসব সমস্যায় পড়েন, সেসব সমস্যা যেন না হয়, সে ব্যাপারে দুই দেশের যৌথ কমিটি কাজ করবে।

সভায় অংশগ্রহণকারীরা নারী কর্মীদের বিদেশে যাওয়ার আগেই একটি করে মোবাইল ফোন দেওয়া, দূতাবাসের কর্মকর্তাদের নিয়মিত ফোন করে খোঁজ নেওয়া, বিদেশে পাঠানোর আগে সেখানকার আইনকানুন সম্পর্কে ধারণা দেওয়া, গৃহকর্মী ছাড়াও বিভিন্ন পেশায় নারীকর্মী পাঠানোসহ নানা সুপারিশ করেন।

অনুষ্ঠানে বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার চৌধুরী, মহাসচিব মনসুর আহমেদ কালাম, বায়রা ফোরামের সদস্যসচিব ওবায়দুল আরিফ, বায়রার সদস্য শামীম আহমেদ চৌধুরী, আবদুল আলিম, আইওএমের কর্মসূচি কর্মকর্তা আসমা খাতুন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, বমসার প্রকল্প পরিচালক সুমাইয়া ইসলাম ও বেসরকারি সংস্থা ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক প্রমুখ বক্তব্য দেন।