বিদেশে নয়, বন্ধুকে পাঠালেন পরপারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ সারোয়ার ও শিপলুর রহমান দুজনেই পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। সারোয়ারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, আর শিপলুর বাড়ি নওগাঁর আত্রাইয়ে। ২০০৯ সালের শেষের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে একে অপরের সঙ্গে পরিচয় হয়। দুজন একই ছাত্রাবাসের একই কক্ষে থাকতেন। সারোয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে রাজশাহী স্টেশনবাজারে একটি কম্পিউটারের দোকান দেন। আর শিপলু ২০১০ সালে রাজশাহী কলেজে ভর্তি হন।কম্পিউটারের দোকানে কাজ করতে গিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সারোয়ারের। পরে ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়। এরই মধ্যে শিপলুকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন সারোয়ার। শিপলু তাঁর বাবাকে টাকা জোগাড় করতে বলেন। শিপলুর বাবা ইসমাঈল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ বছরের শুরুর দিকে প্রথম দফায় দুই লাখ, বছরের মাঝামাঝি সময় আরও দুই লাখ টাকা দেন তিনি। গত ২৫ আগস্ট অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বিদায় নিয়ে রাজশাহী যান শিপলু। রাজশাহী থেকে শিপলুকে নিয়ে সারোয়ার তাঁর শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুর আসেন। ওই দিন রাত আটটার দিকে দৌলতপুর উপজেলার কিশোরনগর গ্রামের বটতলা মোড়ে তাঁকে গুলি করে হত্যা করে সারোয়ার পালিয়ে যান। দৌলতপুর থানার পুলিশ ২৬ আগস্ট লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে কুষ্টিয়া পৌর গোরস্তানে অজ্ঞাতভাবে লাশ দাফন করে। এ ব্যাপারে দৌলতপুর থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। জেলা গোয়েন্দা শাখার পুলিশ গত বুধবার বিকেলে সারোয়ারকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বাজার থেকে গ্রেপ্তার করে। রাতে তাঁকে নিয়ে দৌলতপুরের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় শিপলুর মুঠোফোন ও পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে সাংবাদিকদের সামনে সারোয়ারকে হাজির করা হয়। এ সময় তিনি শিপলুর সঙ্গে প্রতারণা ও গুলি করে হত্যা করার কথা স্বীকার করেন। কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বারী প্রথম আলোকে বলেন, সারোয়ারকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।