বিদেশে পত্রিকা বিলি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

সংযুক্ত আরব আমিরাতে পত্রিকা বিলি করতে গিয়ে ব্যক্তিগত গাড়িচাপায় নিহত হয়েছেন বাংলাদেশের এক যুবক। আরব আমিরাতের মোসাফফা সানাইয়া বাণিজ্যিক এলাকার ছয় নম্বর সড়কে গতকাল শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি যুবকের নাম মো. আবু জাফর (৩০)। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকারদিঘী পাড়া গ্রামের মৃত হাজী আবুল কাশেমের ছেলে। জাফর অবিবাহিত ছিলেন। চার ভাইয়ের মধ্যে তিনি সেজ।
নিহত যুবকের চাচাতো ভাই সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মোহাম্মদ এরশাদ আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জাফর ও তিনি একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। জাফর সেখানকার একটি প্রতিষ্ঠানের অধীনে মোটরসাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা বিলির কাজ করতেন। গতকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় শেখ খলিফা হাসপাতালে জাফরের লাশ পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোরে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় জাফর মারা যান।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয় নম্বর ওয়ার্ডের সদস্য সুশীল দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী মঙ্গল বা বুধবারে জাফরের লাশ দেশে আসার কথা রয়েছে।