বিদেশে পাঠানোর নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিদের বিদেশে পাঠানোর নামে ভারতে নিয়ে গিয়ে সর্বস্ব কেড়ে নিয়ে প্রতারণার অভিযোগে দেবাশীষ পণ্ডিত (৪৩) নামের এক ভারতীয় নাগরিককে গতকাল রোববার গ্রেপ্তার করেছে র্যাব। দেবাশীষ গত ফেব্রুয়ারি মাস থেকে পর্যটক ভিসায় বাংলাদেশে অবস্থান করছিলেন।
এ বিষয়ে গতকাল র্যাব-১০-এর কোম্পানি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র্যাব-১০-এর পরিচালক খন্দকার সারোয়ার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার দেবাশীষ পণ্ডিতের বাবা দামোদার পণ্ডিত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তাতে বলা হয়, তাঁর ছেলে দেবাশীষ পণ্ডিত বাংলাদেশে অপহূত হয়েছেন। বাংলাদেশ থেকে তাঁর ছেলের মুক্তিপণের জন্য টাকা চাওয়া হয়েছে এবং তিনি হুন্ডির মাধ্যমে সাড়ে সাত লাখ রুপি পাঠিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবাশীষ পণ্ডিতকে উদ্ধারের জন্য র্যাব কাজ শুরু করে। গতকাল নারায়ণগঞ্জের সানারপাড়ে রাজীবের বাসা থেকে দেবাশীষকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জানা যায়, দেবাশীষকে কেউ অপহরণ করেনি। তাঁর বাবার অভিযোগগুলোর সত্যতা মেলেনি।
দেবাশীষ পণ্ডিত, রাজীব ও রাজীবের স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানা যায়, দেবাশীষ কয়েক বছর ধরে বাংলাদেশিদের বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছেন। কানাডা অথবা আমেরিকার ভিসা তৈরির লোভ দেখিয়ে দেবাশীষ তাঁর চক্রের মাধ্যমে প্রথমে বাংলাদেশিদের ভারতে নিয়ে যেতেন। এরপর সেখানে কৌশলে বাংলাদেশিদের আটকে তাঁদের সব টাকাকড়ি নিয়ে রেখে দিতেন।