বিদেশে পালানোর প্রস্তুতিকালে 'গুম' হওয়া ব্যক্তি আটক
বিদেশে পাঠানোর কথা বলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্ত্তন গ্রামের চান মিয়া (৪৫) স্থানীয় লোকজনের কাছ থেকে বেশ কিছু টাকা নেন। নির্ধারিত সময়ে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে না পারলে ওই ব্যক্তিরা তাঁকে চাপ দিতে থাকেন৷ এ অবস্থায় গা ঢাকা দেন চান মিয়া৷
এরপর চান মিয়ার স্ত্রী সামিয়া আক্তার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর স্বামীকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করেছে বলে অভিযোগ এনে আদালতে মামলা করেন৷ গত শুক্রবার বিদেশে পালানোর প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ চান মিয়াকে আটক করে৷
মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিনয় ভূষণ রায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চান মিয়া লুকিয়ে থেকে কাতারে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এসআই জানান, কাতারে পাঠানোর জন্য চান বিভিন্ন এলাকার সাত-আটজন ব্যক্তির কাছ থেকে টাকা নেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।