ব্যাংকের পাওনা ৫৫০ কোটি, ব্যবসায়ীদের ১৫০ কোটি, ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ীর মামলা
বিদেশে পালানো ব্যবসায়ীর কারখানা-জমি নিলামে
বিদেশে পালিয়ে যাওয়া চট্টগ্রামের এক ভোগ্যপণ্য ব্যবসায়ীর সম্পত্তি নিলামে তুলতে শুরু করেছে ব্যাংকগুলো। ইয়াছির গ্রুপ নামের এই শিল্পগোষ্ঠীর কাছ থেকে পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও। এ পর্যন্ত খাতুনগঞ্জের ১২টি প্রতিষ্ঠান আদালতে চেক প্রত্যাখ্যানের মামলা করেছে।
ব্যাংক ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, ইয়াছির গ্রুপের কাছে ব্যাংকের পাওনা এখন প্রায় ৫৫০ কোটি টাকা। আর খাতুনগঞ্জের ২৯ জন ব্যবসায়ীর পাওনা রয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে তিনি বিদেশে পালিয়ে যান। বিদেশে পালানোর খবর শুনে ২০১৩ সালের ১৬ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ব্যাংক সূত্রে জানা গেছে, জুবিলী রোডের প্রাইম ব্যাংক পাওনা আদায়ে অর্থঋণ আদালতের মাধ্যমে ৬২ হাজার বর্গফুটের চারতলা শাপলা ফ্লাওয়ার কারখানার ভবনসহ জমি এবং দক্ষিণ পতেঙ্গার জমি নিলামে তুলেছে। প্রায় ১ দশমিক ৭৯ একর জমি নিলামে তুলে ব্যাংকটি। এ ছাড়া এমভি আল জুবায়ে-১ (বর্তমানে এমভি তুর্শা) নামের লাইটার জাহাজও নিলামে তোলা হয়েছে। ইয়াছির গ্রুপের কাছে ব্যাংকটির পাওনা এখন দাঁড়িয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। এর আগে সিটি ব্যাংকের আগ্রাবাদ শাখাও ঋণ আদায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়।
প্রাইম ব্যাংকের জুবিলী রোড শাখার প্রধান মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত আছে ব্যাংকের কাছে। এ কারণে কোনো সমস্যা হবে না।
বিদেশে পালানোর পর ব্যাংকগুলো মূলত পাওনা আদায়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়া নিতে শুরু করে। ব্যাংকসূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১০টি ব্যাংক থেকে প্রতিষ্ঠানটি পণ্য আমদানি ও কারখানা স্থাপনের জন্য ঋণ নেয়। ১০টি ব্যাংক হচ্ছে প্রাইম, সোস্যাল ইসলামী, সিটি, এবি, ব্র্যাক, প্রিমিয়ার, স্টান্ডার্ড চার্টার্ড, সাউথইস্ট, মার্কেন্টাইল এবং ব্যাংক এশিয়া। ইয়াছির এন্টারপ্রাইজ, শাপলা ফ্লাওয়ার মিলস, ইয়াছির পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই তিনটি প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়া হয়।
ব্যাংকের মতো পাওনাদার ব্যবসায়ীরাও মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ২৯ জন ব্যবসায়ীর মধ্যে ১২ জন মহানগর দায়রা জজ আদালতে চেক প্রত্যাখ্যানের মামলা দায়ের করেছেন। ইয়াছির গ্রুপের কাছে এই ১২ জন ব্যবসায়ীর পাওনা রয়েছে ১০০ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে হাজি মীর আহম্মদ সওদাগর ৩৩ কোটি ৯১ লাখ টাকা, জাহেদ ব্রাদার্স সাড়ে ১২ কোটি টাকা, জানে আলম অ্যান্ড ব্রাদার্স নয় কোটি ৭৮ লাখ টাকা, চিটাগাং সিন্ডিকেট নয় কোটি ২৪ লাখ টাকা আদায়ে মামলা করে।
জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ গত বুধবার প্রথম আলোকে বলেন, পাওনা আদায়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সংগঠন থেকে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়েছে। সে অনুযায়ী এখন সবাই আইনগত পদক্ষেপ নিতে শুরু করেছেন।
বন্দর ও কাস্টম হাউসের হিসাবে জানা গেছে, বিদেশে পালানোর পর ব্যবসায়ী মোজাহের হোসেনের প্রতিষ্ঠান ইয়াছির গ্রুপ এখন আমদনি কার্যক্রম থেকে গুটিয়ে নিয়েছে। আমদানি বন্ধ করার আগে গত অর্থবছর পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে শীর্ষ আটে ছিল এটি। গত অর্থবছরে ৪৩৭ কোটি টাকার এক লাখ চার হাজার টন ভোগ্যপণ্য আমদানি করে প্রতিষ্ঠানটি।