বিদেশে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে পালানোর সময় হত্যা মামলার আসামি মলাই মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে অভিবাসন পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, মলাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার একটি হত্যা মামলার আসামি। বৃহস্পতিবার রাতে তিনি সৌদি আরব পালাচ্ছিলেন। অভিবাসন পুলিশের কাছে এ ব্যাপারে আগে থেকেই তথ্য ছিল। ছবিসহ সব কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। বিমানবন্দর থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার সরাইল থানা পুলিশের কাছে মলাইকে হস্তান্তর করা হয়েছে। সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, মলাই যাতে বিদেশে পালাতে না পারেন, সে জন্য আগেই তাঁর ব্যাপারে যাবতীয় তথ্য অভিবাসন পুলিশের কাছে দেওয়া হয়েছিল।