দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া ও আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশে বন্ধ মিশনগুলো পুনরায় চালু ও নতুন মিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছরের শেষার্ধে গ্রিসে বাংলাদেশ দূতাবাস চালু হয়েছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে ওই সভায় মন্ত্রণালয়ের কাজের গতি বাড়ানোর সুপারিশের পাশাপাশি কমিটির কাজের গতিও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে আবুল হাসান মাহমুদ আলী সংসদ ভবন মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে মিশনগুলোর কাজ দেখাশোনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর জেনারেল অব মিশনসের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। এ ছাড়া উদ্যোগ নেওয়া হয়েছে একটি স্থায়ী মেরিটাইম সেল গঠনের।কমিটির সভাপতি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিশনগুলো পুনরায় চালুরও উদ্যোগ নিচ্ছে সরকার।আবুল হাসান মাহমুদ আলী বলেন, মন্ত্রণালয়ের পাশাপাশি কাজের গতি বাড়াবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও। এখন থেকে প্রতি মাসে কমপক্ষে একটি করে সভা করা হবে। গত এক বছর তিন মাসে এ পর্যন্ত মাত্র আটটি বৈঠক হয়েছে বলে তিনি জানান।বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, ইমরান আহমদ, মোস্তফা ফারুক মোহাম্মদ ও নাজমা আকতার। এ সময় পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।