বিদেশে বসেই আমমোক্তারনামা, রেকর্ড এবং চারজনকে দুদকে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসে সম্পত্তি হস্তান্তরের জন্য আমমোক্তারনামা করার বিষয়টির অনুসন্ধানে বেশ দ্রুত মাঠে নেমে পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার এক দিনের মাথায় চারজনকে তলব করেছে সংস্থাটি। পাশাপাশি রেকর্ড জব্দ করার উদ্যোগ নিয়েছে।
বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে অভিযোগটি অনুসন্ধান করছে সংস্থাটি।
দুদক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট নথি জব্দ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে আমমোক্তারনামায় সাক্ষী হিসেবে সহায়তাকারী মো.নূরুদ্দিন আহমেদ, মো. আশরাফুল হক ও মো. মাহতাব উদ্দিন এবং দলিল সম্পাদনে শনাক্তকারী মো. শাহাব উদ্দিনকে আলাদা আলাদা চিঠি দিয়ে তলব করা হয়েছে। তাঁদের ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক ও অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান এসব চিঠি পাঠান।
এর আগে বিষয়টির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পৃক্ততা বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি।
সূত্র জানায়, মোসাদ্দেক আলী দুবাইয়ে অবস্থান করা অবস্থাতেই তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি তাঁর ভাইয়ের ছেলেদের নামে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) করে দিয়েছেন। মো. আশফাক উদ্দিন আহমেদ এবং রোজা প্রোপার্টিজের পক্ষে পরিচালক নাঈম উদ্দীন আহমেদ দলিল গ্রহীতা হিসেবে ওই সম্পদের আমমোক্তার।
রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, উত্তরা ও গুলশান সাবরেজিস্ট্রার কার্যালয়ে এসব অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা দলিল করা হয়।
যেসব সম্পদের আমমোক্তারনামা করা হয় তার মধ্যে রয়েছে তেজগাঁও শিল্প এলাকা মৌজায় অবস্থিত রোজাগ্রীন নামের প্রকল্পে অচিহ্নিতভাবে বাড়ি ৪১৫ দশমিক ৮৩৩ অজুতাংশ। পাঁচটি ফ্ল্যাট ও পাঁচটি কার পার্কিংয়ের মোট আয়তন ৯ হাজার ৬৫১ দশমিক ৫৫ বর্গফুট এবং একই মৌজার ৬৬০ অজুতাংশ বাড়ি ভূমি ও ওই ভূমির ওপর নির্মিত ভবন। উত্তরখান মৌজার ৩৪ শতাংশ ভিটা ভূমি এবং সেখানে নির্মিত কাঁচা পাকা ৬৪টি দোকান এবং জোয়ার সাহারা মৌজার স্থাপনা ২৪৭ দশমিক ৫০ অজুতাংশ ভিটা ভূমি।
অভিযোগে বলা হয়, মোসাদ্দেক আলী তাঁর অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে আত্মীয়দের নামে হস্তান্তর করেছেন। ওই আমমোক্তারনামা করতে তাঁকে সহায়তা করেছেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনস্যুলার মো. মেহেদুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মাসুদ পারভেজ। আরও অভিযোগ করা হয়, সরকারি কর্মকর্তাদের সহায়তায় দুবাইয়ে বসে করা আমমোক্তারনামা ঢাকায় রেজিস্ট্রি করা হয়। সরকারি কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে ফালুকে সহায়তা করেছেন বলে অভিযোগে বলা হয়।
বিষয়টি নিয়ে মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়।