বিদেশে বাংলাদেশ মিশনে সমন্বয় বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির
বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয় জোরদার করতে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। একই সঙ্গে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়ার লক্ষ্য সামনে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জোরালো ভূমিকা রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হওয়ার পর বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে গুলশানের হলি আর্টিজানে হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তার প্রসঙ্গটি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে চানতে চাইলে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘হলি আর্টিজানে হামলার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে কাজ করেছে, তা কমিটির কাছে উপস্থাপন করা হয়। সন্ত্রাস ও জঙ্গি দমনে বিদেশিরা যে সহযোগিতার আশ্বাস দিয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে বিভিন্ন বন্ধুরাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা তথ্য দেওয়া-নেওয়া এবং প্রযুক্তিগত সহায়তা নেওয়া যায় কি না, সেটা বিবেচনার পরামর্শ দিয়েছি।’
বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাংসদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে বলা হয়, কয়েক বছর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবল বাড়ানোর সিদ্ধান্ত হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা পুরোপুরি কার্যকর হচ্ছে না। পাশাপাশি বিদেশের মিশনগুলোতে কাজের ক্ষেত্রে বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। আলোচনা শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের অন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মন্ত্রণালয় উপস্থাপিত কার্যপত্রে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনগুলো পরিচালনায় পাঁচটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো সমন্বয়হীনতা, জনবলসংকট, মিশনে কর্মরত ব্যক্তিদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা কম, বৈদেশিক ভাতা ও আপ্যায়ন ভাতা সময়োপযোগী নয় এবং মিশনগুলোতে প্রয়োজনীয় রসদের অপ্রতুলতা।
বৈঠকের পর সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদীয় কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবলসংকট দূর করতে শূন্য পদে শিগগির নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষা ভাতা এবং বৈদেশিক ভাতা ও আপ্যায়ন ভাতা বাড়ানোর সুপারিশ করেছে।