বিদেশে বিনিয়োগের সুযোগ চাইলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ করার সুযোগ চেয়েছেন ব্যবসায়ীরা। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এমন দাবি জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও বর্তমানে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘বিদেশে বিনিয়োগ করা এখনো বড় সমস্যা। কয়েক বছর ধরে একাধিক ফোরামে আমরা বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা বলে আসছি। কিন্তু এখনো এ বিষয়ে নিয়ন্ত্রণ আরোপ করা আছে।’
বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধন করতে রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে এফবিসিসিআই। ওই অনুষ্ঠানেই এসব কথা উঠে আসে।
অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, দেশে এখন ২৬ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা মজুত আছে, যা দিয়ে ছয় মাসের পণ্য আমদানি করা যাবে। কিন্তু এখনো কেন বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। আমাদের মানসিকতা এখনো সত্তর-আশির দশকের সময়ের মতো রয়ে গেছে। এ ক্ষেত্রে উদার হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, ‘আমার বন্ধু আমজাদ খান (প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা) বছরের পর বছর চেষ্টা করে বিদেশে বিনিয়োগের অনুমতি পেয়েছেন। এখনো মনে করা হয়, বিদেশে পুঁজি নিয়ে গেলেই তা পাচার হচ্ছে। কিন্তু বিদেশে টাকা নিয়ে যাওয়া মানেই টাকা পাচার নয়।’
অবশ্য অনুষ্ঠানের বিশেষ অতিথি এ দেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন মনে করেন, বিদেশে বিনিয়োগের চেয়ে বাংলাদেশের এখনো উচিত বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনা। তিনি বলেন, ভারতের মতো দেশ এখনো এফডিআই চাইছে। বাংলাদেশের উচিত আগে দেশে পর্যাপ্ত বিনিয়োগ করা এবং এরপর বিদেশে বিনিয়োগের কথা ভাবা। অবশ্য এটি বাংলাদেশ সরকার ও বিনিয়োগকারীদের বিষয়।
পঙ্কজ সরন নিজের দেশের প্রসঙ্গ টেনে বলেন, ‘ভারতে একসময় এফডিআইকে হুমকি মনে করা হতো। তাই এফডিআইকে উৎসাহিত করা হতো না। কিন্তু এখন ভারতের ৩০টি রাজ্য এফডিআই আনতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে এবং এ জন্য বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা বাড়াচ্ছে। এরপরই তিনি বলেন, বাংলাদেশকে ঠিক করতে যে তারা এফডিআইকে সুযোগ হিসেবে নেবে নাকি হুমকি।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তাঁদের যদি গ্রহণ করা হয় এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে সহযোগিতা করা হয়, তাহলেই তাঁরা বিনিয়োগ করবেন। তা না হলে এ ধরনের ফোরাম করে কোনো লাভ হবে না। এই ফোরাম পরামর্শক সংস্থা হয়েই থাকবে।
তবে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, এই ফোরাম দুই দেশের বিনিয়োগকারীদের সহায়তাকারী হিসেবেই কাজ করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। তিনি বলেন, স্থানীয় কোনো শিল্পকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুরক্ষা না দেওয়া হলে অনেক ক্ষেত্রে ওই শিল্প ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে অনেক সময় এফডিআইকে নিরুৎসাহিত করা হয়। তবে বাংলাদেশ সরকার এখন এফডিআইকে উৎসাহিত করছে।