বিদেশে বিরূপ মন্তব্যে সরকার ও রাষ্ট্রপক্ষের নীরবতা নিয়ে প্রশ্ন ট্রাইব্যুনালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও সাজা নিয়ে বিদেশে মহলবিশেষের বিরূপ মন্তব্যে সরকারের ও রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) নীরবতা নিয়ে প্রশ্ন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গতকাল রোববার ট্রাইব্যুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন বিচারের রায় নিয়ে বাইরের দেশের লোকেরা কটাক্ষ করছে। বিরূপ মন্তব্যও করছে। সরকার, প্রসিকিউশন ও তদন্ত সংস্থা—কেউ কথা বলছে না। এটা কেমন কথা?
জাতীয় পার্টির সাবেক সাংসদ পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে ট্রাইব্যুনাল এ প্রশ্ন রাখেন। রাষ্ট্রপক্ষের উদ্দেশে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আপনাদের কি কথা বলার কোনো ফোরাম নেই। একটি দেশের বিচারব্যবস্থা নিয়ে বাইরের দেশের লোকেরা এভাবে কথা বলে যাচ্ছে, কেউ জবাব দিচ্ছে না, প্রতিবাদ করছে না?’
এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী, সুলতান মাহমুদ, মোকলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল আরও বলেন, রায়ে সর্বোচ্চ শাস্তি হচ্ছে, এতে বিদেশিরা বিরূপ মন্তব্য করছেন। তাঁরা রায় স্থগিত বা বাতিল করতে বলছেন। সরকারের উচিত কূটনৈতিকভাবে এগুলোর জোরালো প্রতিবাদ করা। টক শো বা বিভিন্ন ফোরামের
মাধ্যমে এসব বক্তব্যের প্রতিবাদ করা উচিত।
এর আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল যুক্তি উপস্থাপনকালে বলেন, রায়ে মৃত্যুদণ্ড সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাবে, এমন কোনো আইন নেই। বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে এখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
আজ সোমবার জব্বারের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষে আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের কথা।