বিদেশে যাচ্ছে পাবনার লুঙ্গি

ঈদুল ফিতরের আগের এক-দেড় মাস হলো তাঁতিদের সৌভাগ্যের মৌসুম। প্রতি বছর এ সময়ে শাড়ি-লুঙ্গির চাহিদা বেশি থাকে বলে তাঁতিরা এগুলোর দামও পান ভালো। তবে ঈদুল ফিতর সামনে রেখে ভারত, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লুঙ্গির রপ্তানি বেড়ে যাওয়ায় শাড়ির তুলনায় এবার লুঙ্গির চাহিদা বেশি।
বেড়া উপজেলার কাপড় ব্যবসায়ী ও তাঁতি শহীদুল ইসলাম বলেন, ‘ভারতসহ বিভিন্ন দেশে সৃষ্টি হওয়া লুঙ্গির বাজার আমাদের এলাকার তাঁতিদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে।’
উপজেলার রাকশা গ্রামের তাঁতি আলমগীর হোসেন বলেন, ‘আমাগরে পরিবারের ২৫টা তাঁতে বলা চলে এখন ২৪ ঘণ্টাই কাজ চলত্যাছে। সামনে ঈদ উপলক্ষে লুঙ্গির চাহিদা ও দাম দুই-ই বাড়িছে। বাজারে লুঙ্গি বেইচ্যা তাঁতিরা কিছুটা লাভের মুখ দেখত্যাছে। অথচ মাস দেড়েক আগেও আমাগরে লস দেওয়া লাগিছে।’
পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলা লুঙ্গি তৈরির জন্য সারা দেশে বিশেষভাবে খ্যাত। তিন উপজেলার প্রায় ৫০ হাজার তাঁতি লুঙ্গি তৈরির সঙ্গে জড়িত। এসব তাঁতির এখন দম ফেলার ফুরসত নেই। নাওয়া-খাওয়া ভুলে তাঁদের কেউ লুঙ্গি বুনছেন, কেউ তাঁত থেকে লুঙ্গি নামিয়েই মোলায়েম করার জন্য প্রসেস কারখানায় ছুটছেন, কেউবা লুঙ্গি সেলাই করছেন, আবার কেউ সেলাই করা লুঙ্গি ভাঁজ করে তাতে লেবেল সাঁটছেন।
পাবনার তাঁতিরা যেসব লুঙ্গি বুনছেন, সেগুলোর মধ্যে রয়েছে ১৫০ থেকে শুরু করে এক হাজার টাকা দামের (প্রতিটি) লুঙ্গি। তবে তাঁতিরা বেশি বুনছেন ১৫০ টাকা থেকে ৩০০ টাকা দামের লুঙ্গি।
সরেজমিনে বেড়ার হাতিগাড়া, বনগ্রাম ও রাকশা; সাঁথিয়ার করমজা ও ছেঁচানিয়া এবং সুজানগরের কুড়িপাড়াসহ অন্তত ১০টি তাঁতপল্লি ঘুরে লুঙ্গির কারিগরদের মধ্যে প্রচণ্ড ব্যস্ততা দেখা গেছে।
বেড়া পৌর এলাকার সান্ড্যালপাড়া মহল্লার একটি তাঁত কারখানায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন শ্রমিক লুঙ্গি ভাঁজ করে তাতে স্টিকার সেঁটে লুঙ্গির বান্ডিল তৈরি করছেন। কাজ করতে করতে তাঁতশ্রমিক সাদ্দাম হোসেন বলেন, ‘সারা বছর কাজকাম ছিল কম। এখন কাজের চাপে নাওয়া-খাওয়া ও ঘুমের সময়ও মিলত্যাছে না।’
অন্তত ১৫ জন কাপড় ব্যবসায়ী ও তাঁতির সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতে বাংলাদেশে তৈরি লুঙ্গির চাহিদা ব্যাপক। কয়েক বছর ধরেই ভারতের কাপড় ব্যবসায়ীরা হাটগুলোতে এসে লুঙ্গি কিনে নিয়ে যাচ্ছেন। তবে এবারের ঈদুল ফিতর সামনে রেখে মাস খানেক আগে থেকেই ভারতে লুঙ্গি যাচ্ছে ব্যাপক হারে। এসব লুঙ্গি যাচ্ছে পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও উত্তরাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন সীমান্ত দিয়ে।
অনুসন্ধানে জানা গেছে, সীমান্তবর্তী জেলাগুলোর কাপড় ব্যবসায়ীরা হাটগুলোতে এসে মূলত ভারতের কাপড় ব্যবসায়ীদের জন্য লুঙ্গি কিনে থাকেন। আবার ভারতের অনেক ব্যবসায়ীও সরাসরি হাটে এসে লুঙ্গি কিনে নিয়ে যাচ্ছেন।
শাহাজাদপুর হাটে কথা হয় বেড়ার এক পাইকারি লুঙ্গি ব্যবসায়ীর সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী জানান, হাটের শতকরা ১০ ভাগ ক্রেতাই লুঙ্গি কিনছেন ভারতসহ বিদেশের জন্য। ভারতে এই লুঙ্গি বৈধ ও অবৈধ দুভাবেই যাচ্ছে।
এদিকে শুধু ভারতেই নয়, লুঙ্গি যাচ্ছে মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এসব দেশে বৈধভাবে চট্টগ্রাম সমুদ্রবন্দরের মাধ্যমে কাপড় ব্যবসায়ীরা লুঙ্গি পাঠিয়ে থাকেন বলে জানা গেছে। ওই সব দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিদের জন্যই মূলত লুঙ্গিগুলো পাঠানো হয়ে থাকে। স্বাভাবিকভাবেই ওই দেশগুলোতে প্রতি মাসে কয়েক লাখ লুঙ্গি রপ্তানি করা হলেও ঈদ এলেই রপ্তানির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ।