বিদেশে লোক পাঠাতে ফের নিবন্ধন শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে লোক পাঠাতে আবারও আগ্রহী ব্যক্তিদের নাম নিবন্ধন শুরু হচ্ছে। ২২ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশে এ নিবন্ধন চলবে। তবে এবার নিবন্ধন করা ব্যক্তিদের কোন দেশে এবং কীভাবে পাঠানো হবে, সেসব বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
এর আগে সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সাড়ে ১৪ লাখ লোক নাম নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় প্রায় ৩৬ হাজার জনকে। এর মধ্যে প্রথম দফায় পাঠানোর জন্য নির্বাচিত করা হয় ১১ হাজার ৫৭৮ জনকে। তাঁদের মধ্যে এ পর্যন্ত মালয়েশিয়ায় গেছেন মাত্র ২৬৮ জন।
এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিদেশে কর্মী পাঠাতে আবার নাম নিবন্ধন শুরুর ঘোষণা দিলেন। দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এবার নিবন্ধন করা কর্মীদের কোন দেশে পাঠানো হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক দেশ থেকে চাহিদাপত্র আসছে। আগামী দুই বছর বিদেশে কর্মী পাঠাতে হলে এই তালিকা থেকে পাঠাতে হবে। সে কারণেই এই নিবন্ধন চলবে।’
ক্ষমতার পালাবদল হলে এই তালিকা থাকবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা নতুন আইন করেছি। তাতে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। কেউ চাইলেই এটি বাতিল করতে পারবে না।’
মন্ত্রী জানান, ঢাকা ও বরিশাল বিভাগে ২২ সেপ্টেম্বর নিবন্ধন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে নিবন্ধন শুরু হবে ২৮ সেপ্টেম্বর, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন শুরু ৪ অক্টোবর এবং শেষ হবে ১০ অক্টোবর। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য ১৫০ টাকা এবং ফরম পূরণে সহায়তার জন্য উদ্যোক্তাদের ১০০ টাকা হিসেবে মোট ২৫০ টাকা খরচ হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান প্রথম আলোকে জানান, সারা দেশের চার হাজার ৫৪৫টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র, ৪০৭টি নগরসেবা কেন্দ্র এবং ৪১৯টি পৌরসভা সেবাকেন্দ্রে এ নিবন্ধন চলবে।
নিবন্ধনের জন্য আগ্রহীদের বাংলাদেশের নাগরিক এবং তাঁদের বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে।
খন্দকার মোশাররফ বলেন, সরকারি ও বেসরকারি—দুভাবেই আগামী দুই বছর পর্যন্ত এ নিবন্ধন তালিকা থেকে বিদেশে লোক পাঠানো হবে। এ দুই বছর আর নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না। তবে এ সময়ের মধ্যে কারও বয়স ১৮ বছর পূর্ণ হলে তিনি নিবন্ধন করতে পারবেন।