বিদেশে শেখ হাসিনার বন্ধু আছে, প্রভু নাই: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী । ফাইল ছবি
মতিয়া চৌধুরী । ফাইল ছবি

‘বিদেশে শেখ হাসিনার বন্ধু আছে, প্রভু নাই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘৫ মে হেফাজতকে দাওয়াত দিয়েছিলেন। তাদের দিয়ে ক্ষমতা দখল করবেন। কিন্তু পারেন নাই আর পারবেনও না।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় র‌্যালি-পূর্ব সমাবেশে মতিয়া এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘ভারতের নির্বাচনের পর মনে করেছিলেন মোদি আসলে গদিতে বসিয়ে দেবে। কিন্তু মোদী গদিতে বসায় নাই। আইপিএ ও সিপিইউয়ে আমাদের বিজয় অর্জন প্রমাণ করে, শুধু ভারত নয় সারা বিশ্বই আমাদের বন্ধু। বিদেশে শেখ হাসিনার বন্ধু আছে কিন্তু প্রভু নাই।’

‘কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব’ বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য, বস্ত্র, অন্ন ও শিক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, রাজাকারদের সঙ্গে নিয়ে মির্জা ফখরুলরা হায়েনার মতো আচরণ করছে। ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনা বাহিনী যেভাবে আচরণ করেছে, তেমনিভাবে হায়েনাদের দোসর মির্জা ফখরুলদের চারদলীয় জোটের শাসনামলে আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীদের হত্যা করেছে।

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আন্দোলনের হুমকি-ধমকি দেন, আপনাদের আন্দোলনে বাংলার জনগণ আগেও সাড়া দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আওয়ামী লীগকে আন্দোলন দেখিয়ে দেওয়ার হুমকি দেন। আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলন করে। আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘খালেদা জিয়া আপনার খবর আছে। আজকের বিজয় দিবসের দিকে দেখেন, আমাদের নেতা-কর্মীরা আপনার রাজাকারদের শায়েস্তা করার জন্য প্রস্তুত আছে। রাজাকারদের সঙ্গ ছাড়েন। না হলে ঢাকাবাসীকে নিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি যতই আস্ফালন করে, যতই আন্দোলনের কথা বলে, ততই আমাদের নেতা-কর্মীরা উজ্জীবীত হয়। আজকের লাখ লাখ মানুষের সমাগম প্রমাণ করে, রাজপথ আমাদের দখলে। আমরা রাজপথে আছি। আপনাকে রাজপথে নামতে দেব না।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে র‌্যালি-পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার প্রমুখ।

সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টি‌টিউশন মিলনায়তনের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হয়। এতে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।