বিদেশে নতুন শ্রমবাজার খুঁজে বের করে চাহিদা অনুসারে দক্ষ শ্রমিক তৈরির সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বিশেষ করে মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার কীভাবে আবার চালু করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ইসহাক হোসেন তালুকদার, এ বি এম আবুল কাসেম, মো. শাহাব উদ্দিন, কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বেগম শাহিদা তারেক অংশ নেন।জনশক্তি রপ্তানি বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে একটি ‘পরিকল্পনাপত্র’ তৈরি করে সংসদীয় কমিটিকে দেওয়ার সুপারিশ করা হয়। কাজের ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া শ্রমিকদের ভ্রমণকর থেকে রেহাই দেওয়ারও সুপারিশ করা হয়েছে।সভায় মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, ২০০৮ সালে আট লাখ শ্রমিক বিদেশে গেলেও ২০০৯ সালে তা কমে পৌনে পাঁচ লাখে নেমে এসেছে। মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ হওয়াই এর প্রধান কারণ বলে সভায় জানানো হয়। মালয়েশিয়ায় ২০০৮ সালে চার লাখ শ্রমিক গিয়েছিল। কিন্তু গত বছর গেছে মাত্র ১৪ হাজার।সভায় বিদেশে নতুন শ্রমবাজার খোঁজার পাশাপাশি শ্রমিক পাঠানোর আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়। যাতে করে তারা দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে। সভায় বিদেশের বিভিন্ন মিশনে শ্রম উইংগুলোকে আরও শক্তিশালী করার প্রস্তাব করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, বিদেশে শ্রমবাজার বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারকে বলা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে। তিনি বিদেশের শ্রমবাজারে শ্রমিক পাঠানোর সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।