বিদেশে শ্রমিক পাঠানো এজেন্সিগুলোর (রিক্রুটিং এজেন্সি) স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে কঠোর আইনের প্রস্তাব করেছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ-সংক্রান্ত একটি আইনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।প্রস্তাবে বিদেশে শ্রমিক নিয়োগে প্রতারণার জন্য সাত বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। খবর বাসসের।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী শ্রমিক আইন-২০১৩’ শীর্ষক এই প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। তবে চূড়ান্ত বাছাই ও ভেটিংয়ের সময় এই প্রস্তাবে কিছু পর্যবেক্ষণ সংযোজন করতে বলা হয়েছে। বৈঠকে মন্ত্রিরা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুর্তজা আহমেদ বলেন, বৈদেশিক নিয়োগ সম্পর্কিত যেকোনো অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচারের বিধান এই প্রস্তাবে রয়েছে। বিদ্যমান ১৯৮২ সালের আইনের স্থলে প্রস্তাবিত আইনটি প্রতিস্থাপিত হবে।অতিরিক্ত সচিব বলেন, প্রস্তাবে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আদালতে মামলা করার বিধান রয়েছে। এতে মামলা দায়ের, মামলার গ্রহণযোগ্যতা, জামিন ও ক্ষতিপূরণের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।প্রস্তাবে বলা হয়েছে, চার মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। তবে প্রয়োজনীয় পরিস্থিতিতে আরও দুই মাস সময় বাড়ানো যাবে।মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ভ্রাম্যমাণ আদালত তফসিলে তালিকাভুক্ত হবে এবং এর নিষ্পত্তি হবে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আওতায়।মন্ত্রিসভা বৈঠকে বাংলা একাডেমী আইন ২০১৩-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে একাডেমীর গঠন, সভাপতি, নির্বাহী কমিটি ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ এবং ফেলোশিপ প্রদান প্রক্রিয়া ও দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা সম্পর্কিত বিধান ও নির্দেশনা রয়েছে।