বিদেশে শ্রমিক পাঠানোর খরচ বাড়াচ্ছে দালালরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত বা নেপালের একজন শ্রমিকের বিদেশে যেতে যত খরচ হয়, বাংলাদেশের একজন শ্রমিকের তার চেয়ে কয়েক গুণ বেশি খরচ হয়। এর কারণ হলো দেশে-বিদেশে থাকা দালালরা। এই দালালদের নিয়ন্ত্রণ করতে না পারলে শ্রমিক পাঠানোর খরচ নিয়ন্ত্রণে আনা কঠিন।

‘বিদেশে কর্মসংস্থান: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনায় এই কথা উঠে এসেছে। আজ শনিবার বেসরকারি সংস্থা ব্র্যাকে আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে এসেছে। অভিবাসীদের স্বার্থ রক্ষায় ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টকে (জিএফএমডি) সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা বলেন, একসময় মেয়েদের বিদেশে যেতে টাকা লাগত। এখন উল্টো তাঁদের টাকা দিয়ে বিদেশে পাঠানো হয়। একইভাবে পুরুষদের পাঠানোর ক্ষেত্রেও অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনতে হবে। তবে এ ক্ষেত্রে চাহিদা ও সরবরাহ গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন বাজার বন্ধ ছিল। ফলে সৌদি আরবে যেতে বেশি টাকা লাগত। এখন যখন বেশি করে চাহিদা আসছে, খরচ কমতে শুরু করেছে।
সেলিম রেজা বলেন, সরকার এখন দক্ষ লোক পাঠাতে চাইছে। এ জন্য সারা দেশে প্রশিক্ষণকেন্দ্র করা হচ্ছে। আর অভিবাসন খাতের সঙ্গে অনেকে জড়িত। সরকার একা কিংবা বাংলাদেশ একা এই সমস্যার সমাধান করতে পারবে না। সবাই মিলে সব সমস্যা দূর করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব রুহুল আমিন বলেন, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার পুরো প্রক্রিয়া এখনো প্রচলিত পদ্ধতিতে হচ্ছে। কিন্তু চাহিদাপত্র আসা থেকে শুরু করে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে করা গেলে অনেক সমস্যার সমাধান করা যাবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব এবং বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য কাজী আবুল কালাম বলেন, বাংলাদেশ থেকে কত লোক বিদেশে যাচ্ছেন, শুধু সেটি না দেখে কোন মানের লোক যাচ্ছেন, সেটিও দেখতে হবে।
বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘বাংলাদেশ থেকে যাঁরা বিদেশে যাচ্ছেন, তাঁদের বেশির ভাগই তথ্য জানেন না। তার মানে আমরা ব৵র্থ। মানুষকে তথ্য জানাতে হবে। প্রবাসীরা লাখো কোটি টাকার প্রবাসী আয় পাঠান। কিন্তু সে তুলনায় তো তাঁদের জন্য কোনো বিনিয়োগ নেই। সময় এসেছে উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ কর্মকর্তা নিয়োগের।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপপ্রধান কে এম আলী রেজা বলেন, অভিবাসন খরচ কমানোর কোনো বিকল্প নেই। বিএমইটির পরিচালক নুরুল ইসলাম বলেন, দক্ষ লোক পাঠালে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
বায়রার যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী বলেন, কোনো মেয়ে বিদেশে নির্যাতিত হয়ে দেশে ফেরত এসে মামলা করেন। তাতে তো ওই দেশের মূল অপরাধী বেঁচে গেল। এ কারণে তাদেরও আইনের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিদেশফেরত কয়েকজন কর্মী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা নানা সমস্যা তুলে ধরেন। মোজাম্মেল হক নামের একজন বলেন, তিনি লিবিয়া যাওয়ার জন্য টাকা দিয়েও ঘুরছেন। মো. সুমন নামের একজন বলেন, তিনি সৌদি আরবে যাওয়ার জন্য ৬ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন। কিন্তু এখনো যেতে পারেননি। ওমান যাওয়ার জন্য দালাল চক্রের খপ্পরে পড়ার কাহিনি শোনান এক নারীও।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচিপ্রধান হাসান ইমাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থান করেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের নানা সমস্যা সমাধানের সুনির্দিষ্ট সুপারিশ করেন।