বিদেশে ১০টি মিশন চালু হচ্ছে শিগগিরই: প্রধানমন্ত্রী
দেশে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বর্তমান মিশনসমূহে বাণিজ্যবিষয়ক উপদেষ্টা নিয়োগসহ শিগগিরই বিদেশে ১০টি নতুন মিশন চালুর পরিকল্পনা করছে সরকার।ঢাকা শিল্প ও বণিক সমিতির (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খানের নেতৃত্বে সমিতির পরিচালকেরা গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।বৈঠককালে প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় খাতে বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বিগত মেয়াদে বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল, মোবাইল টেলিফোন অপারেটর ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিল।বিদ্যুৎকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও অর্থনৈতিক কর্মকাণ্ডের চালিকাশক্তি হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এসব খাতে সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার গত দেড় বছরে জাতীয় গ্রিডে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত এবং বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জটিলতা নিরসন করেছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার ইতিমধ্যেই বেসরকারি খাতে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার কার্যাদেশ জারি করেছে।বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে তাঁর বিগত সরকারের ভূমিকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ উৎপাদন এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল। তিনি বলেন, এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে পাঁচ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার এসব প্রকল্প বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার তাদের শাসনামলে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। বরং অব্যবস্থাপনা ও দুর্নীতির মাধ্যমে তারা দেশের এই গুরুত্বপূর্ণ খাতকে ধ্বংস করেছে।প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রধানের সাক্ষাৎ: মার্কিন শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি শেভরনের সফররত প্রেসিডেন্ট জেমস আর ব্ল্যাকওয়েল দেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেছেন।গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে শেভরনের প্রধান বলেন, ‘আপনার যোগ্য নেতৃত্বে দেশে, বিশেষ করে বেসরকারি খাতে চমৎকার বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে।’ এ সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ব্ল্যাকওয়েলের সঙ্গে ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণ এবং বাংলাদেশে শেভরনের কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দিয়ে বলেন, তাঁর সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের মতো দেশের সার্বিক উন্নয়নে সব সময় বেসরকারি খাতে বিনিয়োগে উৎসাহিত করছে।