বিদেশে ৫ লাখ ৭৪ হাজার নারীর কর্মসংস্থান হয়েছে
বিভিন্ন সময়ে কিছু লোক বেনামে আট-দশ বছর আগের বিদেশে বাংলাদেশি নারী কর্মী নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, সরকারকে বিব্রত করার জন্য এটা করা হয়। হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে আজ বুধবার সংসদে এ কথা বলেন মন্ত্রী।
সিরাজুল ইসলাম মোল্লার প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ের বিশ্বের বিভিন্ন দেশে ৫ লাখ ৭৪ হাজার ৭৫ নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার ৭২৯ জন নারী গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। সৌদি আরবে গিয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৫ জন।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জিটুজি প্লাস প্রক্রিয়ায় কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া থেকে চাহিদাপত্র পাওয়া শুরু হয়েছে। সে দেশে কর্মী পাঠানোর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে।
গত অর্থবছরে বিদেশ থেকে ১৪ হাজার ৯৩১ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানান মন্ত্রী নুরুল ইসলাম। তিনি আরও জানান, তার আগের বছর রেমিট্যান্স এসেছিল ১৫ হাজার ৩১৬ মিলিয়ন মার্কিন ডলার। সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, সরকার বিদেশফেরত কর্মীদের ডেটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম জেলার কর্মীদের ডেটাবেজ তৈরি করা হয়েছে।
তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের ৮২ শতাংশ
নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বর্তমান তৈরি পোশাক দেশের রপ্তানি আয়ের ৮২ শতাংশ। এই ধারা অব্যাহত রাখতে সরকারিভাবে ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চিলি, রাশিয়াসহ আরও কিছু দেশে বাজার সৃষ্টির জন্য বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। রহমত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি আছে।
ফিরোজা বেগমের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ গত অর্থবছরে বিশ্বের ১৯টি দেশে খাদ্যশস্য রপ্তানি করে ২১ কোটি ১৪ লাখ ৭ হাজার ডলার আয় করেছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৬ হাজার ডলারের শুকনো খাবার রপ্তানি হয়েছে। ছলিম উদ্দীনের তরফদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরে ৩৪ হাজার ২৫৭ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি হয়েছে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে দেশে লবণে চাহিদা ১৫ দশমিক ৭৬ লাখ টনের। এর মধ্যে ২০ জানুয়ারি পর্যন্ত উৎপাদনের পরিমাণ ১ দশমিক ৬৬ লাখ টন। চাহিদা পূরণের জন্য ২ দশমিক ৫০ লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
মাহমুদ উস সামাদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে গত অর্থবছরে সৌদি আরব ও হংকংয়ে ১ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের শুঁটকি রপ্তানি করা হয়েছে।