বিদেশে এবারই প্রথম সপরিবারে ঈদ খালেদার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বাইরে এবারই সপরিবারে প্রথমবারের মতো ঈদ করছেন। আট বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করবেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ খালেদা জিয়া লন্ডনে থাকবেন। এই সময়ের মধ্যে দল পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব দেওয়া হবে না। খালেদা জিয়া অনানুষ্ঠানিকভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে সমন্বয় করে দল পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার জন্য বলেছেন খালেদা জিয়া। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বলেন, ২২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত মহাসচিব দেশে আসবেন।
আজ মঙ্গলবার রাতে খালেদা জিয়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখানে তাঁর বড় ছেলে তারেক রহমান স্ত্রী-সন্তানকে নিয়ে প্রায় আট বছর ধরে বাস করছেন। লন্ডনে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই সন্তান ইতিমধ্যে পৌঁছে গেছেন। তাঁরা প্রায় আট বছর ধরে মালয়েশিয়ায় বাস করছেন। খালেদা জিয়া লন্ডন গেলে বিএনপির গুরুত্বপূর্ণ তিনটি পদ চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহাসচিবের পদে থাকা নেতারা বিদেশে অবস্থান করবেন। এতে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো শীর্ষ নেতা দেশে থাকবেন না।
বিএনপি নেতারা বলেন, লন্ডনে ঈদ করলেও মূলত চিকিৎসার জন্য খালেদা জিয়া সেখানে যাচ্ছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, লন্ডনে বিএনপি চেয়ারপারসনের চোখের চিকিৎসা হবে।
খালেদা জিয়ার সঙ্গে এবার সফর সঙ্গীও তেমন নেই। একজন একান্ত সচিব ও একজন গৃহকর্মী চেয়ারপারসনের সঙ্গে যাচ্ছেন। তবে দলের একটি সূত্র জানায়, পরে কয়েকজন দায়িত্বশীল নেতা লন্ডনে তাঁর সঙ্গে যোগ দেবেন। ২০০৭ সালে ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান গ্রেপ্তার হন। চিকিৎসার জন্য তারেক রহমান জামিন নিয়ে লন্ডনে যান। আরাফাত রহমান কোকো প্যারোলে মুক্ত হয়ে থাইল্যান্ডে যান। থাইল্যান্ড থেকে কোকো মালয়েশিয়ায় সপরিবারে চলে আসেন। সেখানে চলতি বছরের ২৪ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। আর নির্দেশ সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় তারেকের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে তারেক রহমান পলাতক আসামি হিসেবে লন্ডনে অবস্থান করছেন।