বিদেশের বাণিজ্য মেলায় লাভ-লোকসানের হিসাব চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশের বিভিন্ন বাণিজ্য মেলায় অংশ নিয়ে বাংলাদেশি পণ্যের কী পরিমাণ বাজার তৈরি হয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছে তা জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে মেলায় অংশ নেওয়ার ফলে সরকারের কী পরিমাণ লাভ-লোকসান হয়েছে, তারও হিসাব চেয়েছে কমিটি।

আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই হিসাব চাওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আলী আশরাফ সাংবাদিকদের বলেন, প্রায় প্রতিবছরই বিদেশের বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। এর ফলাফল কী, বাংলাদেশি পণ্যের বাজার বেড়েছে কী কমেছে, কমিটি তা জানতে চেয়েছে। এ বিষয়ে কমিটির আগামী বৈঠকে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে জানাতে বলা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে ভবিষ্যতে বিদেশের বিভিন্ন বাণিজ্য মেলায় অংশ নেওয়ার সময় সংসদীয় কমিটির সদস্যদের বিদেশ সফরের প্রস্তাব দেওয়া হয়। তখন কমিটির সভাপতি এ বিষয়ে পুরোনো হিসাব দিতে বলেন।

আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোতাহার হোসেন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন, আ ক ম বাহাউদ্দীন, ছানোয়ার হোসেন, মনজুরুল ইসলাম ও লায়লা আরজুমান বানু অংশ নেন।