বিদেিশ জাহাজের ধাক্কায় জেটি ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ১৪ নম্বর ঘাটে তেলবাহী একটি বিদেশি জাহাজের ধাক্কায় মেঘনা তেল কোম্পানির জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আজ রোববার কাজ শুরু করবে।
জ্বালানি তেল বিপণন কোম্পানি সূত্র জানায়, গত শুক্রবার বেলা দুইটার দিকে তেলবাহী একটি জাহাজ মেঘনার জেটিতে ধাক্কা দেয়। এতে জেটি ক্ষতিগ্রস্ত হয়। জেটির ওপর নির্মিত মেঘনা তেল কোম্পানির ছোট কার্যালয়টিতে ফাটল দেখা দেয়।
সূত্র আরও জানায়, সিঙ্গাপুর থেকে ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে ওই বিদেিশ জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভেড়ে। বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজটি থেকে ১৮ হাজার মেট্রিক টন ডিজেল লাইটারে (ছোট জাহাজ) ভরা হয়৷ এরপর ১৫ হাজার টন ডিজেল নিয়ে জাহাজটি ১৪ নম্বর ঘাটের দিকে যাচ্ছিল। ওই সময় জেটির সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে।
মেঘনা তেল বিপণন কোম্পানির উপমহাব্যবস্থাপক শেখ আবদুল মোতলেব প্রথম আলোকে বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যমুনা তেল বিপণন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলিমউদ্দিন আহমেদকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আমরা বুয়েটের বিশেষজ্ঞকে ডাকব। বিশেষজ্ঞ কী বলেন, তার ওপর নির্ভর করবে জাহাজের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া।’