বিদেেশ যাওয়া নিয়ে দ্বন্দ্ব, স্বামী-স্ত্রীর আত্মাহুতি
বিদেেশ যাওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে নাটোরের সিংড়া উপজেলায় স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। এঁরা হলেন আশরাফুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী মদিনা বেগম (২৬)। এ ঘটনা ঘটেছে গত শনিবার রাতে উপজেলার আগপাড়া শেরকোল গ্রামে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গতকাল রোববার তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘরের মেঝেতে পড়ে থাকা একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। ওসি আরও বলেন, ‘আমরা আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি। তবে তাঁদের উভয়ের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও দেওয়া হয়নি। আমরা পরিবারের অন্য সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি।’
এ প্রসঙ্গে আশরাফুল ইসলামের বাবা আছান আলী বলেন, আশরাফুল তিন বছর ওমানে চাকরি করেন। দুই মাস আগে ছুটি নিয়ে তিনি বাড়ি এসেছিলেন। আগামী ৬ জুলাই তাঁর আবারও ওমানে চলে যাওয়ার কথা ছিল। গতকাল রোববার তিনি বিমানের টিকিট কাটার জন্য ঢাকায় যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর স্ত্রী আবারও বিদেশে না যাওয়ার জন্য পীড়াপীড়ি করেন। কিন্তু আশরাফুল আরেকবার ঘুরে আসার পক্ষে জোর দেন। এ নিয়ে কিছুদিন ধরে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সম্ভবত এর জের ধরেই তাঁরা আত্মহত্যা করেছেন।
পরিবার সূত্র জানায়, আশরাফুল ইসলাম শনিবার রাতে খাওয়ার পর স্ত্রীকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান। তাঁদের একমাত্র ছেলে মতিউর রহমান (৮) দাদা-দাদির ঘরে তাঁদের সঙ্গে ঘুমায়। মতিউর গতকাল সকালে ঘুম থেকে জেগে বাবা-মায়ের ঘরে যায় এবং শোবার ঘরের খোলা জানালা দিয়ে তাঁদের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকারে পরিবারের অন্যরা গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে একই রশিতে তাঁদের লাশ দুটি ঝুলছে। তাৎক্ষণিকভাবে তাঁরা দরজা ভেঙে রশি থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেন। পরে থানায় খবর দিলে সিংড়া থানার পুলিশ এসে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালে পাঠায়।