জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে। নারীর করা কাজকে স্বীকৃতি দেয় না। নারীর প্রতি বৈষম্য বিলোপ হবে তখনই, যখন উপার্জনমূলক কাজের পাশাপাশি নারীর অন্যান্য কাজেরও স্বীকৃতি মিলবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার ‘নারীর ক্ষমতায়নে সচেতনতামূলক প্রচারাভিযান ও সিডও সনদের প্রাসঙ্গিকতা’ শীর্ষক সেমিনারে মিজানুর রহমান এসব কথা বলেন। পেশাজীবী নারী সমাজের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ক্ষমতায়ন শুধু অংশগ্রহণ নয়। অংশগ্রহণের পাশাপাশি অংশীদারত্ব থাকলে তাই হবে ক্ষমতায়ন।
পেশাজীবী নারী সমাজের সভাপতি অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুননেসা মাহতাব, কাবেরী গায়েন প্রমুখ।