বিদ্যমান আইনে কমিশন স্থানীয় সরকার নির্বাচন করবে না: এম সাখাওয়াত
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনের আছে। কিন্তু সংসদের আগামী অধিবেশনে আইন সংশোধন করে না দিলে ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন করা সম্ভব হবে না। কারণ, আমরা বিদ্যমান আইনে নির্বাচন করতে চাই না।’গতকাল বৃহস্পতিবার ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য অধিকাংশ কাজই কমিশন সম্পন্ন করে রেখেছে। অবশিষ্ট যেসব কাজ বাকি আছে, তার কাজ চলছে। হালনাগাদ করা ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র ছাপানোর কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে। ঢাকা সিটি করপোরেশনের জাতীয় পরিচয়পত্র দুই দফায় বিতরণ করা হয়েছে। যাঁরা এখনো নিতে পারেননি, তাঁরা জেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। ইউপি ও পৌর নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা করা হয়েছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে এ তালিকা চূড়ান্ত করা হবে।কিন্তু এত সব আয়োজন সত্ত্বেও আইন সংশোধন হওয়ার আগ পর্যন্ত ইউপি ও পৌর নির্বাচনের ব্যাপারে কমিশন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিদ্যমান আইনের শর্ত অনুযায়ী ইউপি ও পৌরসভার ওয়ার্ডের সীমানা বিন্যাস করা হলে দেশজুড়ে এর বিরুদ্ধে অসংখ্য মামলা হওয়ার আশঙ্কা রয়েছে। এতে পুরো নির্বাচনপ্রক্রিয়াই জটিলতার মধ্যে পড়ে যাবে। জটিলতা পরিহার করার জন্যই কমিশন আইন সংশোধনের সুপারিশ করেছে।