বিদ্যমান পরিস্থিতিতে দেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিবিসি বাংলাদেশ সংলাপের আমন্ত্রিত আলোচকেরা। রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক আকবর হোসেন বলেন, দেশের এ পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের আশঙ্কা আছে কি না? জবাবে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা আমীন আহম্মদ চৌধুরী বলেন, সরকার যখন ব্যর্থ হয়, কেবল তখনই সামরিক হস্তক্ষেপের প্রশ্ন আসে। সরকার যদি বর্তমান পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করতে পারে, সে ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপের সুযোগ নেই। তিনি আরও বলেন, এক-এগারো সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ ও বিএনপির বিরোধকে কেন্দ্র করে। বর্তমানে যে অবস্থা তাতে একদিকে জনগণ, অন্যদিকে যুদ্ধাপরাধী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সরকার যদি তত্ত্বাবধায়কব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচন না দেয়, তাতে দেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ হতে পারে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা বলেন, সামরিক বাহিনী কখনোই শাহবাগের আন্দোলনকে নিজেদের প্রতিপক্ষ বানাবে না। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে বানচাল করার জন্যই জামায়াত-শিবির শাহবাগের আন্দোলনকে আস্তিকতা আর নাস্তিকতার প্রশ্নে ঘোরানোর চেষ্টা করছে। আমির হোসেন আমু বলেন, জামায়াত কিছুদিন থেকেই অতর্কিতে পুলিশের ওপর হামলা চালাচ্ছে। এভাবে তো চলতে পারে না। বাধ্য হয়েই তারা যেটুকু করা দরকার, তা করছে। ভিন্নমত পোষণ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এক দিনে ৭০ জনকে হত্যা করা হয়েছে। এটা গণহত্যা না তো কী?সবশেষে একজন প্রশ্নকর্তা বলেন, দুই নেত্রী কেন একসঙ্গে বসতে পারেন না। একজন স্বৈরাচারকে, আরেকজন যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করছেন। এ প্রশ্নে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘আমরা চাই দুই নেত্রী একসঙ্গে বসুন।’ আমির হোসেন আমু বলেন, ‘আমরা তো বিএনপিকে সংসদে গিয়ে কথা বলতে বলেছি।’