বিদ্যমান ব্যবস্থাকে 'না' বলা চাই: সিরাজুল ইসলাম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেহরীন খান স্মৃতি সম্মাননা পদক গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী । ছবি : সাইফুল ইসলাম
নেহরীন খান স্মৃতি সম্মাননা পদক গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী । ছবি : সাইফুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বিদ্যমান দুষ্ট ব্যবস্থাকে ‘না’ বলা প্রয়োজন। কিন্তু কাজটা করবে কারা? মূলধারার রাজনীতিকেরা সেটা করেন না, তাঁদের লক্ষ্য ব্যবস্থাটাকে চালু রেখে তার থেকে সুবিধা নেওয়া। বামপন্থীরা করেন, কিন্তু তাঁদের তেমন জোর দেখা যায় না। কাজটা বিশেষভাবে করার কথা বুদ্ধিজীবীদের। তাঁরা করেন, আবার করেনও না। সবকিছুর ভেতর দিয়ে সুবিধা যেটুকু হওয়ার, বিদ্যমান ব্যবস্থারই হয়। ভীষণ অসুবিধা সাধারণ মানুষের।

আজ বুধবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত ‘মানা এবং না-মানার প্রশ্ন’ শীর্ষক নেহরীন খান স্মৃতি বক্তৃতায় সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। তিনি আগের এবং বর্তমানের মধ্যে অবস্থানের ফারাক বোঝানোর জন্য বলেন, এখন কেউ কারও পরোয়া করে না। দুর্নীতিবাজকে সামাজিকভাবে বয়কট করার প্রশ্নই ওঠে না, বরং তাদের কাছ থেকে ডাক এলে সাড়া দেওয়ার ব্যাপারে হুড়োহুড়ি পড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত লিখিত বক্তৃতায় সিরাজুল ইসলাম চৌধুরী বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলেন, বুদ্ধিজীবীরা বুদ্ধির সাহায্যে পৃথিবীকে ব্যাখ্যা করবেন। পৃথিবীটাকে বদলানোও তাঁদের কাজ। বিদ্যমান ব্যবস্থাকে প্রশ্ন করা, তার অসম্পূর্ণতাকে মেনে না নেওয়া এবং তাকে বদলানো বুদ্ধিজীবীর কর্তব্যের মধ্যেই পড়ে। কোনো বুদ্ধিজীবীই বুদ্ধিজীবী নন, যদি তিনি হৃদয়বান না হন। দ্বন্দ্ব থাকে বুদ্ধি এবং হৃদয়ের ভেতরও।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিশ্বজুড়ে পুঁজিবাদী সমাজব্যবস্থা আজ যে অবস্থায় পৌঁছেছে, তাতে চিকিৎসায় কাজ হবে না। তাকে বদলাতে হবে, যাতে সে স্বাভাবিক হয় এবং মানুষকে নিরাপত্তা দিতে পারে। অর্থাৎ বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থাটাকে ‘না’ বলা চাই, নতুন ‘হ্যাঁ’ যাতে আসতে পারে, সেই প্রয়োজনে।...এ কাজে বিদ্যা, বুদ্ধি ও হৃদয়—এই তিনটিরই একত্র অনুশীলন দরকার হবে। এ কেবল বুদ্ধিজীবীদের ব্যাপার না, ব্যাপার সব নাগরিকের।’

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান ও হামীম খানের একমাত্র সন্তান নেহরীন খান। নেহরীন ১৯৭৭ সালের ১২ জুলাই কানাডায় জন্মগ্রহণ করেন। গত বছর তাঁর অকালমৃত্যু হয়। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন। মৃত্যুর আগে তিনি রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে (ইউডা) সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। কানাডার নাগরিক হলেও সেখানে নেহরীন থাকতে চাননি।

অনুষ্ঠানে আলোচকেরা জানান, আকবর আলি খান তাঁর মেয়ের স্মৃতি ধরে রাখতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে একটি তহবিল গঠনের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। সাবেক এই শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা তহবিল থেকে প্রতিবছর নেহরীনের জন্মদিনে স্মৃতি বক্তৃতা এবং সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবার প্রথমবারের মতো স্মৃতি বক্তৃতা ও সম্মাননা অনুষ্ঠান হলো।

অনুষ্ঠানে নেহরীন খান স্মৃতি বক্তৃতা শেষে সিরাজুল ইসলাম চৌধুরীকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে আকবর আলি খান ও তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম এম শহীদুল হাসান।

স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। অনুষ্ঠানে ধন্যবাদ দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এ জেড এম শফিকুল আলম। নেহরীন খানের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন নেহরীন খানের সহপাঠী এবং বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ফারহানা জেরিন বাসার।