বিদ্যমান ভোটার তালিকা দিয়ে ডিসেম্বরে হবে পৌর নির্বাচন
বিদ্যমান ভোটার তালিকা দিয়ে আগামী ডিসেম্বরে ২৫০টির মতো পৌরসভায় নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ শেষে মার্চ থেকে জুনের মধ্যে কয়েক ধাপে সারা দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে এই পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন। ইউপি ও পৌরসভা আইনের হিসাব অনুযায়ী, ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে পৌরসভা এবং জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করতে হবে। নির্বাচনের জন্য এ বছর বাজেটে ৩২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলছে। ৩১ জানুয়ারির আগে এই তালিকা চূড়ান্ত করা যাবে না। এ কারণে বিদ্যমান ভোটার তালিকা দিয়েই ডিসেম্বরে পৌরসভা নির্বাচন করতে হবে। ইউপি নির্বাচনের জন্য দীর্ঘ সময় লাগবে। হাতে সময়ও আছে। তাই হালনাগাদ শেষে আগামী মার্চ থেকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ফলে নতুন ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, এর আগে ২০১১ সালের ২৯ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত কয়েক ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল ওই বছরের ১৯ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে বলা আছে, পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কমিশনের হিসাব অনুযায়ী, সে ক্ষেত্রে আগামী অক্টোবর থেকে ইউপিগুলো ধাপে ধাপে নির্বাচনের উপযোগী হবে। নির্বাচন শেষ করতে হবে জুনের মধ্যে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ইউপির সংখ্যা চার হাজার ৫৫৩টি। তবে নির্বাচনযোগ্য ইউপির সংখ্যা কত, সে তথ্য মন্ত্রণালয় এখনো কমিশনকে জানায়নি। এ তথ্য জানানোর তাগিদ দিয়ে গত রোববার কমিশন সচিবালয় থেকে স্থানীয় সরকার বিভাগে চিঠি দেওয়া হয়েছে। পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। এ জন্য ২০১০ সালের ২ ডিসেম্বর ২৬৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে মামলার কারণে কয়েকটিতে নির্বাচন হয়নি।
স্থানীয় সরকার (পৌরসভা) আইনে আছে, পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে পৌরসভা নির্বাচন করতে হবে। কমিশন সচিবালয় সূত্র বলেছে, ২০১১ সালের নির্বাচনের পর পৌরসভাগুলো প্রথম বৈঠক করেছিল ফেব্রুয়ারিতে। এই হিসাবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে পৌরসভাগুলোর নির্বাচন করতে হবে। ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় কমিশনকে জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৩টি। এর মধ্যে ২৪৬টি নির্বাচনযোগ্য।