
বিদ্যমান সমবায় আইন কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক। এতে সব ক্ষমতা নিবন্ধক (রেজিস্ট্রার) ও আমলাদের হাতে রাখা হয়েছে। তাঁদের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না। এটি নামে সমবায় আইন, কাজে সমবায়বিরোধী আইন।
আজ সোমবার সকালে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত ‘সমবায়মুখী যৌথ চাষাবাদ ও বিকল্প চাষাবাদ ব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরের ইয়াং উইমেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের (ওয়াইডব্লিউসিএ) কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সীমা জামান ‘সমবায় আন্দোলন এগিয়ে নিতে বিদ্যমান আইন কতটা সহায়ক’—এ বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সমবায় সমিতির নিবন্ধন বিষয়ে আইনে কোনো মানদণ্ডের উল্লেখ নেই। সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটিতে সরকারি কর্মকর্তা এবং সমবায়ীদের কোনো সুনির্দিষ্ট অনুপাত নেই। তাই কর্মকর্তারা চাইলে প্রায় সব পদই সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে পূরণ করতে পারেন। এতে সরকারি দলের কাছাকাছি ব্যক্তিরা সমিতিতে প্রভাব বিস্তার করার সুযোগ পান। তাঁরা ক্ষমতার অপব্যবহারের সুযোগ পান।
ভারত-নেপাল ও ফিলিপাইনের সমবায় আইনের উদাহরণ টেনে তিনি বলেন, এসব দেশে সমবায় সমিতিতে দুর্নীতির দায়ে বোর্ড সদস্যদের অপসারণের ক্ষমতা সমবায়ীদের হাতে আছে, যা বাংলাদেশের সমবায়ীদের নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক রওশন আরা বলেন, সমবায়ের আইনটা যুগোপযোগী করতে হবে। নারীদের সমবায়ী কার্যক্রম কৃষিক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে পারে। সমবায়ীদের মধ্যে যাতে দুর্নীতিগ্রস্ত মানুষ না থাকে, সে ব্যাপারে সমবায়ীদের সতর্ক থাকতে হবে। সমবায় কার্যক্রম সফল করতে সমবায়ীদের মধ্যে ঐক্য থাকা আবশ্যক।
দৈনিক প্রতিদিনের সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় সমবায় আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। সমবায়ব্যবস্থা সফল করতে যৌথ নেতৃত্ব ও বিকল্প ব্যবস্থাপনা থাকতে হবে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মৎস্যজীবী সমবায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসবাসকারীরা নিজেদের জমিতে ঐক্যবদ্ধভাবে বসবাস ও চাষাবাদ করতে যায়। কিন্তু স্থানীয় প্রভাবশালী মহল তাদের জমি দখল করতে তাদের সেখান থেকে উচ্ছেদ করে। এ ধরনের ঘটনাগুলোর বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। তিনি বলেন, ১৯০৪ সালে সমবায় আইন করা হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এ দেশের মানুষকে বিশ্বাস করত না। তাই সমবায়ের নামে এ আইন এমনভাবে করেছিল, যাতে কর্তৃত্ব তাদের হাতে থাকে। উপমহাদেশের মানুষ কোনোভাবে একত্র হয়ে যাতে তাদের বিরুদ্ধে সংগঠিত না হতে পারে। এ আইনের অধীনে সমবায়ীদের কোনো ভূমিকা থাকে না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী, কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান, কুষ্টিয়ার সমবায়কর্মী আবুল হাসনাত এবং ময়মনসিংহ ও জামালপুরের সমবায়কর্মীরা।