বিদ্যমান সমবায় আইন সমবায়বিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যমান সমবায় আইন কর্তৃত্ববাদী ও বৈষম্যমূলক। এতে সব ক্ষমতা নিবন্ধক (রেজিস্ট্রার) ও আমলাদের হাতে রাখা হয়েছে। তাঁদের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না। এটি নামে সমবায় আইন, কাজে সমবায়বিরোধী আইন।
গতকাল সোমবার সকালে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত ‘সমবায়মুখী যৌথ চাষাবাদ ও বিকল্প চাষাবাদ ব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সীমা জামান ‘সমবায় আন্দোলন এগিয়ে নিতে বিদ্যমান আইন কতটা সহায়ক’—এ বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সমবায় সমিতির নিবন্ধন বিষয়ে আইনে কোনো মানদণ্ডের বিষয়ে উল্লেখ নেই। সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটিতে সরকারি কর্মকর্তা এবং সমবায়ীদের কোনো সুনির্দিষ্ট অনুপাত নেই। তাই কর্মকর্তারা চাইলে প্রায় সমস্ত পদই সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে পূরণ করতে পারেন। এতে সরকারি দলের কাছাকাছি ব্যক্তিরা সমিতিতে প্রভাব বিস্তার করার সুযোগ পান। তাঁরা ক্ষমতার অপব্যবহারের সুযোগ পান।
অধ্যাপক সীমা জামান ভারত-নেপাল ও ফিলিপাইনের সমবায় আইনের উদাহরণ দিয়ে দেখান, এসব দেশে সমবায়ে বোর্ড সদস্যদের দুর্নীতির দায়ে অপসারণের ক্ষমতা সমবায়ীদের হাতে আছে। যা বাংলাদেশের সমবায়ীদের নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রওশন আরা বলেন, সমবায়ের আইনটা যুগোপযোগী করতে হবে। নারীদের সমবায়ী কার্যক্রম কৃষিক্ষেত্রে গুণগত পরিবর্তন করতে পারে। সমবায়ীদের মধ্যে যাতে দুর্নীতিগ্রস্ত মানুষ না থাকে সে ব্যাপারে সমবায়ীদের সতর্ক থাকতে হবে। সমবায় কার্যক্রম সফল করতে সমবায়ীদের মধ্যে ঐক্য থাকা আবশ্যক। সভায় সভাপতিত্ব করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।