বিদ্যমান সীমানাতেই দশম সংসদ নির্বাচনের পক্ষে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় আসনের বিদ্যমান সীমানাতেই দশম জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি ২০১৮ সালে এই সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে।নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ-সম্পর্কিত সংলাপে গতকাল বুধবার আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে (ইসি) এই প্রস্তাব দেয়। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন এই সংলাপ করছে।কমিশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংলাপে আওয়ামী লীগের ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ ২০০৮ সালে সংসদীয় আসনের সীমানা বিন্যাস করা হয়। আওয়ামী লীগ মনে করে, মাত্র চার বছরের মাথায় এসে বিদ্যমান সীমানায় কোনো ধরনের পরিবর্তন আনার দরকার নেই। আইন মোতাবেক প্রতি ১০ বছর পর সর্বশেষ আদমশুমারির হিসাব অনুযায়ী সীমানা বিন্যাস করতে হবে। সে অনুযায়ী ২০১৮ সালে সীমানা পুনরায় নির্ধারিত হতে পারে।কমিশনকে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব আনার পরামর্শ দিয়ে সাজেদা চৌধুরী বলেন, ভবিষ্যতে আইন এমন হওয়া উচিত, যাতে রাজনৈতিক দলগুলো প্রার্থীর মনোনয়নপত্র অগ্রিম নিয়ে রাখবে। যথাসময়ে একজন প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অন্য প্রার্থীদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। যদি দল মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, তবে বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে কোনো প্রার্থী দলের সিদ্ধান্ত অমান্য করলে তিনি দল থেকে বহিষ্কৃত হবেন। আইনে এমন বিধান থাকতে হবে, বহিষ্কৃত প্রার্থী পরবর্তী দুটি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, মাত্র চার বছর আগে সীমানা পুনর্নির্ধারণ হয়েছিল। তাই এখনই নতুন করে সীমানা বিন্যাস করা হলে এ নিয়ে মামলা-মোকদ্দমা হতে পারে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে জটিলতা দেখা দিতে পারে।আমির হোসেন আমু বলেন, বিদ্যমান সীমানাতে পরিবর্তন আনা হলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও ঝুলে যেতে পারে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান কমিশনকে যে ক্ষমতা দিয়েছে, তাতে কমিশন স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। যখন যে ধরনের সহযোগিতার দরকার, সরকার ইসিকে তা দিতে বাধ্য।নির্বাচন কমিশনারদের গণমাধ্যমের সামনে বেশি কথা না বলার পরামর্শ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, অতীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিশনকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল। আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলের মতের অমিল থাকতে পারে। তাই সব দলের সঙ্গে কমিশনের পরামর্শ করা উচিত।সবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আওয়ামী লীগ আগের কমিশনের সঙ্গে অনেকবার বৈঠক করেছে। বর্তমান কমিশনের সঙ্গেও আলোচনার প্রয়োজন হলে আমরা অবশ্যই বসব। কমিশনের যেকোনো ধরনের সিদ্ধান্তে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’এর আগে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে কমিশনকে স্বল্প সময়ের ব্যবধানে উপজেলা ও চারটি সিটি করপোরেশনে নির্বাচন করতে হবে। এতে সব দলের সহযোগিতার দরকার আছে।আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের পর কমিশনের পক্ষ থেকে কোনো মতামত দেওয়া হয়নি।আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন: মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, আলাউদ্দিন আহমেদ, মাহবুব উল আলম হানিফ, আব্দুল মান্নান খান, মৃণাল কান্তি দাস ও সাবেক সচিব রশিদুল আলম।কমিশনের পক্ষে সিইসি কাজী রকিব, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।