বিদ্যমান সড়কে নতুন করে টোল আরোপ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া নতুন টোল নীতিমালার মাধ্যমে বিদ্যমান জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়কে নতুন করে টোল আরোপ করা হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
যোগাযোগমন্ত্রী বলেন, টোল নীতিমালা নিয়ে মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় নানাভাবে সংবাদ উপস্থাপন করা হয়েছে। এর ফলে ভুল-বোঝাবুঝি হয়েছে। বিষয়টি স্পষ্ট করার জন্যই এই সংবাদ ব্রিফিং। নতুন নীতিমালা করার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বর্তমানে ১৮৫১ সালের ‘টোল অ্যাক্ট’ অনুযায়ী অর্থ বিভাগের সম্মতিতে টোল আদায় করা হয়। ফলে বিভিন্ন অসুবিধায় পড়তে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য টোল আদায় পদ্ধতি স্বচ্ছ, আধুনিক, যুগোপযোগী ও সমন্বিত করতে নীতিমালা করা হয়েছে।
ওবায়দুল কাদের জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরমুখী বিকল্প সড়ক, উত্তরবঙ্গের হাটিকুমরুল-বনপাড়া এবং ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের রুস্তমপুর থেকে সিলেটের জাফলং পর্যন্ত সড়কে টোল আদায় করা হয়। এ ছাড়া সারা দেশে ৬১টি সেতু ও ৫০টি ফেরিঘাটে টোল আদায় করা হয়। নতুন সড়ক নির্মিত হলে টোল আরোপ করা হবে কি না, তা সরকার সার্বিক দিক বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেবে।
মন্ত্রী বলেন, নতুন নীতিমালায় ২০০ মিটারের কম দৈর্ঘ্যের সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব যে ব্রিফিং করেছেন এর সঙ্গে যোগাযোগমন্ত্রীর বক্তব্যের পার্থক্য সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে বিতর্কে যেতে চাই না, একেকজনের উপস্থাপন একেক রকম। হয়তো বোঝার ভুল হতে পারে।’