বিদ্যানিকেতন হাইস্কুলের ১০ বছর পূর্তি উৎসব
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দেশ ও সমাজের জন্য যা কিছু সত্য, ভালো তার পক্ষে থাকতে হবে। শিক্ষাঙ্গনের পরিবেশের পাশাপাশি নিজেদের বাড়ির চারপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে পরিবারে ছেলে-মেয়ে কোনো বৈষম্য নেই। প্রতিটি মেয়েশিশুকে লেখাপড়া শিখিয়ে আগে তাকে যোগ্য নাগরিক হিেসবে গড়ে তুলতে হবে অভিভাবকদের।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরের পশ্চিম দেওভোগের ভূইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাইস্কুলের ১০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে স্মৃতিচারণা পর্বে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।