বিদ্যালয় ঘেঁষে ভাটা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে দুটি বিদ্যালয় ঘেঁষে নির্মাণ করা হয়েছে ইটভাটা। আইন লঙ্ঘন করে ভাটাটি স্থাপন করেছেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালুর কারণে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ৫০০ শিক্ষার্থী। ইট পোড়ানোর গন্ধে শিক্ষার্থীরা বমি করছে। অনেকেই রয়েছে শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকিতে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার কিসমত ঘাটাবিল গ্রামে ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ও ঘাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষিজমিতে পাঁচ বছর আগে আরবিবি নামের ওই ভাটাটি গড়ে তোলা হয়। ভাটার মালিক ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্‌জাহান আলী। প্রাথমিক বিদ্যালয়ে ১৮৮ এবং বালিকা উচ্চবিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থী লেখাপড়া করে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঘাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পাশে ভাটার চিমনি আর পেছনে কাঁচা ইট স্তূপ করে রাখা হয়েছে। ভাটার চত্বরে ইট পোড়ানোর জন্য কাঠ ও কয়লা রাখা। ধুলাবালু ও ভাটার চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া থেকে রক্ষা পাওয়ার জন্য ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের কক্ষগুলোর পেছনের জানালা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণির কক্ষ ঘেঁষে নির্মাণ করা হয়েছে ইটভাটার শৌচাগার।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৮ নম্বর ধারার ৩ নম্বর উপধারায় উল্লেখ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু এ আইন না মেনে শাহ্জাহান আলী ভাটাটি স্থাপন করেছেন।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজিস্ট আবদুল্লাহ্‌ আল মাহবুব বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালুর কারণে শিশুরা হাঁপানি, সর্দি-কাশি, নিউমোনিয়া, অ্যাজমা ও অ্যালার্জি রোগে আক্রান্ত হতে পারে। ভাটার আশপাশের স্কুলের শিশুরা সব সময় ঝুঁকিতে থাকবে। কারণ, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘বাতাস উঠলে ভাটার ধুলাবালু ও কয়লার গুঁড়া আসি চোখে-মুখে পড়ে। ভাটার মালিক আমাদের হেড স্যার । তাই ভয়ে কেউ কিছু বলে না। স্যার আমাদেরকে বলেছে, “কেউ এসে জিজ্ঞাসা করলে তোমরা বলবে, ভাটা হওয়াতে আমাদের কোনো সমস্যা নাই।”’

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাসে এসে কালো ধোঁয়া ও ইট পোড়ানোর ঝাঁজালো গন্ধ সহ্য করতে না পেরে বমি করে।’

ঘাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন বেগম অভিযোগ করেন, ‘বাতাস শুরু হলে ইটের গুঁড়া ও বালু উড়ে এসে চোখে-মুখে পড়ে। ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কাজ হয়নি।’

ইটভাটার ব্যবস্থাপক রঞ্জু আহম্মেদ বলেন, ‘আমাদের ভাটার বৈধ কাগজপত্র আছে।’ মালিক শাহ্জাহান আলী বলেন, ‘ইটভাটার কারণে স্কুলের বাচ্চাদের একটু সমস্যা হয়। কিন্তু যখন ভাটা করেছি, তখন কেউ বাধা দেয়নি। আর দু-এক বছর ভাটা চালিয়ে বন্ধ করে দেব।’

মুঠোফোনে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক ওসমান গনি মুঠোফোনে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে ওই ইটভাটা কীভাবে চলছে, তা জানি না। বিষয়টি দেখা হবে।’

বদরগঞ্জের ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘এর আগে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ভাটার মালিক হাইকোর্টে রিট করেছেন। এ কারণে ব্যবস্থা নিতে পারছি না।’