বিদ্যালয় থেকে অবৈধ সংযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনিয়া আক্তার (৬) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গত রোববার এ ঘটনা ঘটে। সোনিয়ার পরিবারের অভিযোগ, বিদ্যালয় থেকে অবৈধভাবে লাইন দেওয়া হয়েছিল। ওই লাইনের ছেঁড়া তারে জড়িয়ে সোনিয়ার মৃত্যু হয়েছে।
সোনিয়া উপজেলার নন্দনপুর গ্রামের মো. আজিজুর রহমানের মেয়ে। সে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধকল্পে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রোববার মা সমাবেশ ডাকা হয়। গত রোববার বিকেলে অনুষ্ঠিত ওই সমাবেশে অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়। মায়ের সঙ্গে সোনিয়াও ওই সমাবেশে যায়। সমাবেশ চলাকালে সোনিয়া সহপাঠীদের সঙ্গে মাঠের এক পাশে খেলা করছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিদ্যালয়ের পাশের দোকানে যাচ্ছিল সোনিয়া। এ সময় মুজিবুর মিয়ার টঙের দোকানের জন্য টানা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সোনিয়া। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই তার ছিঁড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে কথা বলতে মুজিবুর মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর বিদ্যালয়ের পাশের সব দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যান। খবর পেয়ে সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। মেহেদি হাসান জানান, ওই বিদ্যালয় থেকে পাশের দোকানে নেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ওই শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
সোনিয়ার বাবা আজিজুর রহমানসহ গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ওই বিদ্যালয় থেকে বিভিন্ন দোকানে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এই অবৈধ বিদ্যুৎ-সংযোগের জন্যই সোনিয়ার মৃত্যু হয়েছে।
বুধল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (নন্দনপুর) সদস্য হেলাল মিয়া বলেন, বিদ্যালয়ের জায়গায় কয়েকটি দোকান রয়েছে। বিদ্যালয় থেকেই এসব দোকানে বিদ্যুতের অবৈধ সংযোগ দেওয়া হয়েছে।
নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, ‘আমি প্রতিদিন সকাল নয়টায় বিদ্যালয়ে যাই ও বিকেল সাড়ে চারটায় বিদ্যালয় থেকে বের হয়ে আসি। বিদ্যালয় থেকে ওই দোকানে কোনো ধরনের বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।’
সদর থানার এএসআই কানাই লাল চক্রবর্তী মুঠোফোনে জানান, ময়নাতদন্তের জন্য সোনিয়ার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।