বিদ্যালয় থেকে বাড়ি ফেরা হলো না মাহবুবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার মাহবুবা আক্তারের (৫) বিদ্যালয় থেকে বাড়ি ফেরা হলো না। ভোলা-চরফ্যাশন সড়কে গতকাল রোববার একটি বাস অতর্কিত চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।
ক্ষুব্ধ জনতা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে কয়েকটি বাস ভাঙচুর করে। পরে ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সমঝোতা হলে বিকেল ৫টায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। নিহত শিশুর বাড়ি দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের চরগুমানী গ্রামে। তার বাবা আবুল খায়ের ঢাকায় একটি কওমি মাদ্রাসায় চাকরি করেন। মাহবুবাই তাঁদের একমাত্র মেয়ে।
নিহত শিশুটি ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট সরকারি বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিকের ছাত্রী। প্রধান শিক্ষক জীবন গোপাল হালদার বলেন, এ বছরই সে বিদ্যালয়ে ভর্তি হয়েছে। ভর্তির পর নিয়মিত বিদ্যালয়ে আসত। আজ সোমবার শিশুর প্রতি শোক জানাতে ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন ও শোকযাত্রা করা হবে বলে জানান তিনি।
কমপক্ষে ২০ জন প্রত্যক্ষদর্শী বলেন, দুপুর ১২টা দিকে বিদ্যালয় ছুটির পর রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল মাহবুবা। ভোলা-চরফ্যাশন সড়কের পাশে রেবা রহমান কলেজের সামনে গেলে যাত্রীবাহী একটি বাস সম্পূর্ণ রংসাইড দিয়ে এসে মাহবুবাকে চাপা দিয়ে চলে যায়। চরফ্যাশন উপজেলা থেকে ভোলা শহরে দ্রুতগতিতে বাসটি আসছিল। তাঁরা আরও বলেন, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাস ভাঙচুর করে। সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে বাস মালিক সমিতি নিহত শিশুর পরিবারকে ৭৫ হাজার টাকা দিয়ে সমঝোতা করে।
বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন ও ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, সমঝোতা শেষে বিকেল পাঁচটায় এলাকাবাসী অবরোধ তুলে নেন।