বিদ্যালয় ভবন নদীতে বিলীন, পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর ভাঙনে কবুলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও ভিটেমাটি বিলীন হয়ে গেছে। এ অবস্থায় বিদ্যালয়ের দেড় শতাধিক শিশুর পাঠদান বর্তমানে বন্ধ রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুটি পাকা ভবন ও একটি টিনের ঘর নিয়ে কবুলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঈদুল ফিতর উপলক্ষে ১৮ জুলাই থেকে বিদ্যালয় বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই বিদ্যালয়ের একটি পাকা ভবন নদীগর্ভে বিলীন হয়। ভাঙনের আশঙ্কায় ২৫ জুলাই নিলাম ডেকে ৫৫ হাজার টাকায় অপর ভবনটি বিক্রি করে দেওয়া হয়। ৮ আগস্ট ভাঙনে বিদ্যালয়ের ভিটেমাটিও যমুনার গর্ভে চলে যায়। ঈদের ছুটির পর ১৩ আগস্ট বিদ্যালয় খোলার তারিখ ছিল। কিন্তু ভবন ও ভিটেমাটি নদীগর্ভে চলে যাওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা যায়নি।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিথি বলে, ‘এহন আমাদের লেহাপড়ার কী হবে? কই লেহাপড়া করমু জানি না।’
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মুক্তার হোসেন ও মামুন মিয়া জানায়, নদীতে স্কুলঘর চলে যাওয়ায় তিন দিন ধরে পড়ালেখা বন্ধ আছে।
প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান জানান, ভাঙনের কারণে মঙ্গলবার থেকে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী প্রথম আলোকে জানান, দু-এক দিনের মধ্যে শিশুদের পাঠদানের ব্যবস্থা করা হবে। বিদ্যালয়টি উপজেলার পিংনা ইউনিয়নে অবস্থিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন বলেন, যমুনা নদীর ভাঙনে ক্রমেই পিংনা ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়জুননেছা বেগম জানান, শিগগিরই বিকল্প ব্যবস্থায় শিশুদের পাঠদান শুরু হবে।