ভূমিকম্পে বিদ্যালয় ভবনে ফাটল ও দেবে যাওয়ায় শিক্ষার্থীদের খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে। সেই সঙ্গে টেবিল-চেয়ার বাইরে বের করে শিক্ষকেরাও খোলা আকাশের নিচেই কাজ করছেন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের মান্দ্রাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই করুণ দশা।
প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, গত ২৫ এপ্রিল দুপুর ১২টার দিকে ভূমিকম্পের পর ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ক্লাস ছেড়ে সবাই বাইরে বেরিয়ে আসেন। পরে দেখা যায় ভবনটির এই দশা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিদর্শন করে এই ভবনে আর ক্লাস না করাতে বলেছেন। এখন খোলা মাঠেই ক্লাস নিতে হচ্ছে। দাপ্তরিক কার্যক্রমও ভবনের বাইরেই করা হচ্ছে। ছাত্র-শিক্ষক সবাই ভয় ও আতঙ্কে আছেন। শুধু কাগজপত্র ভবনের একটি কক্ষে রয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৩৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি হয়। ১৯৯৩ সালে বিদ্যালয়ের পাকা ভবন হয়। এখানে দুই শতাধিক শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন। বিদ্যালয়ে মোট কক্ষ পাঁচটি। এর মধ্যে একটি কার্যালয় ও চারটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হয়।
সরেজমিনে দেখা যায়, একতলা ভবনটির পূর্ব দিকের অংশ কিছুটা দেবেও গেছে। এখনো ভবনের কার্যালয়ে কাগজপত্র রাখা হয়েছে। শিক্ষকেরা সেখানে বসছেন না। তাঁদেরও বিদ্যালয়ের মাঠে টেবিল-চেয়ার নিয়ে কাজ করতে দেখা যায়। এই খোলা মাঠেই বেঞ্চ পেতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোন্নাফ হোসেন বলে, ভয়ে তারা ওই ভবনে ঢোকে না। প্রচণ্ড রোদ আর গরমে খোলা মাঠে বসে ক্লাস করতে কষ্ট হয়। আর বৃষ্টি এলে তো ক্লাসই করা হবে না।
লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল হাসান বলেন, নতুন করে ভবন নির্মাণ না করা পর্যন্ত এখানে ক্লাস ও যেকোনো ধরনের কাজ করা অসম্ভব। ভবনটি এমনিতেই পুরোনো ছিল। ভূমিকম্পের পর এটি এখন ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পের পর বিদ্যালয়টি পরিদর্শন করে এসেছি। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সেখানে না ঢোকার জন্য শিক্ষকদের পরামর্শ দেওয়া হয়েছে।নতুন ভবন করার বিষয়ে প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে হবে।’