বিদ্যালয় ভবনে ফাটল মাঠে চলছে পরীক্ষা

পটুয়াখালীর মির্জাগঞ্জের কপালভেড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে গত ২৫ এপ্রিল ভূমিকম্পের সময় ফাটল ধরে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় এটিতে ঢুকতে ভয় পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মাঠে শামিয়ানা টানিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৯৪-১৯৯৫ সালে দুই কক্ষের এক তলা ভবনটি নির্মাণ করে। এই ভবনেই চলছিল শিক্ষা কার্যক্রম। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে ৯৩ জন শিক্ষার্থী আছে। আর শিক্ষক আছেন চারজন।
২৫ এপ্রিল শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা চলার সময় হঠাৎ কেঁপে ওঠে ভবনটি। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়তে শুরু করে। বিদ্যালয়ের ছাদ ও বিমেও ফাটল সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার সময় সামান্য আহত হয় কয়েকজন। শিক্ষকেরাও ভবন ছেড়ে বাইরে বেরিয়ে যান।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শিক্ষকেরা টেবিল-চেয়ার নিয়ে বিদ্যালয়ের বাইরে গাছের ছায়ায় বসে আছেন। পাশেই মাঠে শামিয়ানা টানানো হয়েছে। এর নিচেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পঞ্চম শ্রেণির ছাত্রী সাথি বলে, ভূমিকম্পের কারণে বিদ্যালয়ের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভেঙে পরতে পারে—এই ভয়ে তারা ভেতরে ঢুকতে পারছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নাহার জানান, ভূমিকম্পের আতঙ্ক এখনো সবার মধ্যে বিরাজ করছে। অভিভাবকেরাও বিদ্যালয়ে তাঁদের সন্তানদের পাঠাতে ভয় পান। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশেন চন্দ্র হালদার বলেন, শিশুদের শিক্ষা কার্যক্রম যাতে বন্ধ না হয়ে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। ওই স্থানে নতুন ভবন নির্মাণ করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।