বিদ্যালয় মাঠে গম মাড়াই শিক্ষার্থীদের ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ রত্নাই মেরদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে যন্ত্র বসিয়ে গম মাড়াই করা হচ্ছে। বিদ্যালয় চলাকালে গম মাড়াইয়ের শব্দে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের এক পাশে মাঠের কয়েক জায়গায় গমের খড়ের স্তূপ। কিছু খড়ের স্তূপ রাখা হয়েছে বিদ্যালয়ের বারান্দায়। মাঠের মাঝখানে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে গম মাড়াই করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে বিকট শব্দ। গমের চিটা ও খড়ের গুঁড়া উড়ে পুরো বিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ছে।
গম মাড়াইয়ের পর খড় সরিয়ে রাখছেন লালবানু নামের এক নারী। তিনি গ্রামের সালমুদ্দিনের স্ত্রী। এলাকাবাসী জানান, সালমুদ্দিন বিদ্যালয়ের জমিদাতা ও পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি। এই সাবেক সভাপতি সপ্তাহ খানেক আগে গমের আঁটি এনে বিদ্যালয় মাঠে স্তূপ করেন। পরদিন একটি মাড়াই যন্ত্র এনে বিদ্যালয়ের মাঠে গম মাড়াই শুরু করেন।
লালবানু বলেন, ‘ঝড়-বৃষ্টি থেকে রক্ষা করতে গমগুলো স্কুলে এনে তুলেছিলাম। এখন মাড়াই করছি। এতে পড়ালেখার ক্ষতি হবে কি না ভেবে দেখি নাই।’
মাড়াই যন্ত্রের মালিক মো. আকিদ বলেন, এক মণ গম মাড়াইয়ের জন্য তিনি দেড় কেজি গম নেন। ছয় দিন ধরে গম মাড়াই করছেন তিনি।
গোলাম মোস্তফা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী বলে, পাঁচ-ছয় দিন ধরে গম মাড়াইয়ের বিকট শব্দে পড়ায় মন দিতে পারছে না তারা। আবার ধুলায় মাঠে খেলাধুলাও করতে পারছে না। শ্রেণিকক্ষে বই-খাতাতেও ধুলার স্তর পড়ে।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, এভাবে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি করে মাঠে যন্ত্র দিয়ে গম মাড়াই করাটা অনুচিত। কিন্তু যিনি গম মাড়াই করছেন, তিনি নিজেই বিদ্যালয়ের জমিদাতা হওয়ায় কেউ তাঁর বিরুদ্ধে কিছু বলছেন না।
প্রধান শিক্ষক সফিকুল ইসলাম দপ্তরের কাজে উপজেলা সদরে যাওয়ার কারণে তাঁকে পাওয়া যায়নি। সহকারী শিক্ষক ইকবাল হোসেন বলেন, বিদ্যালয় মাঠে এভাবে গম মাড়াই না করতে অনুরোধ করা হলেও লাভ হয়নি।
পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি সামছুল হক বলেন, ব্যস্ততার কারণে কয়েক দিন বিদ্যালয়ের খোঁজখবর নিতে পারেননি তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।