বিদ্যালয় মাঠে মেলা, পাঠদান ব্যাহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বিরাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দুই মাস ধরে মেলা চালানো হচ্ছে। মেলাকে কেন্দ্র করে চলছে জুয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, মেলার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটি মাঠে মেলা চালানোর অনুমতি দিয়েছে।
সরেজমিনে জানা গেছে, গত ১ মে থেকে বিদ্যালয় মাঠে মেলা চালাচ্ছেন এলাকার প্রভাবশালীরা। মাঠের চারদিকে বিভিন্ন পণ্যের স্টল দেওয়া হয়েছে। মাঠের ভেতরে আসবাবপত্রের দোকান বসানোর কারণে শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। সপ্তাহের প্রতি রোববার মাঠে মেলা বসছে। সকাল থেকে মেলা শুরু হয়ে চলে রাত পর্যন্ত। কিন্তু সপ্তাহে এক দিন মেলা বসলেও মাঠ থেকে মালামাল সরানো হয় না।
মেলা পরিচালনা কমিটির সভাপতি দীলিপ কুমার দাবি করেন, জুয়া চালানো হয় না। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা অভিযোগ করেন, বৈরাগিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসোহারা দিয়ে রাজাহার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সম্ভু বর্মণের নেতৃত্বে জুয়াখেলা চালানো হচ্ছে। যোগাযোগ করা হলে সম্ভু বর্মণ অভিযোগ অস্বীকার করেন। বৈরাগিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক মিজান বলেন, মাসোহারা নেওয়ার অভিযোগ সঠিক নয়। জুয়া বন্ধে পুলিশ তৎপর রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরামুল হক বলেন, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অনুরোধে মৌখিকভাবে মাঠে মেলা বসানোর অনুমতি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান বলেন, ওই বিদ্যালয়ের মাঠে মেলা চালানোর অনুমতি দেওয়া তো দূরের কথা, মেলার বিষয়টিই তিনি জানেন না।