বিদ্যালয়-মাদ্রাসায় ছুটি শুরু ২৯ জুন
পবিত্র রমজান মাস, আষাঢ়ী পূর্ণিমা, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২৯ জুন থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরিসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে৷
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে৷ শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কলেজের ছুটির বিষয়ে শিগগির আদেশ জারি হতে পারে৷
১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে এবার প্রথম রোজা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
আগের শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে এই ছুটি হওয়ার কথা ছিল আগামী ১০ থেকে ৩১ জুলাই পর্যন্ত৷ আর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ রমজান পর্যন্ত ক্লাস হওয়ার কথা ছিল৷