বিদ্যালয় হবে সেই সীমানাপাড়ায়
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম সীমানাপাড়া এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের চেয়ারম্যান এম মন্জুর আলম। ৮ অক্টোবর প্রথম আলোর ক্রোড়পত্র আমার চট্টগ্রামের শেষের পাতায় ‘ভোর পাঁচটায় বিদ্যালয়ে যাত্রা, সন্ধ্যা সাতটায় ফেরা’ শিরোনামে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পড়ে মন্জুর আলম ওই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন।
৮ অক্টোবর প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধিকে মুঠোফোনে চট্টগ্রামের সাবেক মেয়র মন্জুর আলম বলেন, ‘প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি আমি পড়েছি। দুর্গম সীমানাপাড়া এলাকায় মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে আগ্রহী। এ জন্য ১০ শতক জমি প্রয়োজন। কেউ জমি দান করলে ভালো। না করলে আমরা বিদ্যালয়ের জন্য জমি কিনতেও প্রস্তুত আছি। ফাউন্ডেশনের পক্ষ বিদ্যালয় ভবন নির্মাণ এবং পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনায় সব ব্যয়ভার আমরাই বহন করব। উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা জমির ব্যবস্থা করে দিলে আমরা শিগগিরই কাজ শুরু করব। আগামী বছরের জানুয়ারি–ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়টি চালু করার আশা প্রকাশ করছি।’ এ প্রসঙ্গে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘সীমানাপাড়া এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করায় সাবেক মেয়র মন্জুর আলমকে স্বাগত জানাই। বিদ্যালয় প্রতিষ্ঠায় আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা অবশ্যই ভালো উদ্যোগ। প্রশাসনিকভাবে আমরা কী কী সহযোগিতা করতে পারি সে বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ১১ অক্টোবর জেলা প্রশাসকের সঙ্গে সভা আছে। সেখানে বিষয়টি আলোচনা করব।’