নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী আহমঞ্চদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুল ইসলামের অপসারণের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন অভিভাবকেরা। ফলে গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ে কোনো পাঠদান হয়নি।
ক্ষুব্ধ অভিভাবকেরা এ সময় প্রধান শিক্ষকের অপসারণ এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয় বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়া আলী মোবারক প্রথম আলোকে বলেন, দুপুরে মুঠোফোনে জেলা শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত প্রধান শিক্ষককে অন্যত্র বদলি এবং শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ক্ষুব্ধ লোকজন শান্ত হন। পরে বেলা আড়াইটার দিকে সবগুলো কক্ষের তালা খুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আটজন সদস্য উপবৃত্তির অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের নিষিদ্ধ গাইড বই কিনতে বাধ্য করাসহ নানা অনিয়মের কথা উল্লেখ করে প্রধান শিক্ষক এস এম ফখরুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিযোগকারীদের সাক্ষ্য দিতে গত সোমবার তাঁর কার্যালয়ে উপস্থিত হতে বলেন। তাই অভিযোগকারীরা সাক্ষীদের নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে গেলে সেখানে আগে থেকে উপস্থিত একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এতে অভিযোগকারী ও সাক্ষীসহ তিনজন আহত হন।
এ ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকেরা ক্ষুব্ধ হন। তাঁরা গতকাল সকাল নয়টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষসহ সব কটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। ক্ষুব্ধ অভিভাবক ও বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা এ সময় প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার দাস সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় লোকজন প্রধান শিক্ষকের অপসারণের আগ পর্যন্ত তালা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে জেলা শিক্ষা কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে কথা বলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে লোকজন শান্ত হন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী বলেন, বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দাদের তালা দেওয়ার ঘটনা তিনি শুনেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষককে শিগগিরই ওই বিদ্যালয় থেকে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।