বিদ্যালয়ে ক্লাস নিলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস (পাঠদান) নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) তরুণ কান্তি শিকদার। গতকাল সোমবার সকালে মোক্তারপাড়া এলাকায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের দেড় ঘণ্টাব্যাপী পড়ান তিনি।
জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার বলেন, ‘শিক্ষার মান ফিরিয়ে আনতে, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমি প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত তিন দিন তিনটি বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তা করবেন।’
শিক্ষার্থী অনিক বলে, ‘স্যারের ক্লাস খুব ভালো লেগেছে। তিনি আনন্দসহকারে পড়িয়েছেন। তাঁর কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম।’
ব্যতিক্রমী এ উদ্যোগ সম্পর্কে অভিভাবকেরা বলেন, জেলা প্রশাসক ও তাঁর কর্মকর্তারা মাঝেমধ্যে পড়ালে বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহি বাড়বে।
শহরের চকপাড়া এলাকার অভিভাবক মোহাম্মদ খায়রুল হক বলেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষকদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা বাড়বে।
আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার মান বাড়াতে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।