বিদ্যালয়ে গল্পের বই পড়ার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে গতকাল সকালে গল্পের বই পড়ে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
মেহেরপুরের উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে গতকাল সকালে গল্পের বই পড়ে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

ঘড়ির কাঁটায় সকাল ১০টার ঘণ্টা বাজল। অমনি শিশুরা শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে খোলা মাঠে অবস্থান নেয়। নিচে কিছু বিছিয়ে নয়তো ঘাসের ওপরে বসে হাতে বই খুলে বসল। তবে সেটা পাঠ্যপুস্তক নয়, গল্পের বই। এরপর সকাল ১০টা ১০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত সবাই শব্দ করে বই পড়া শুরু করল। এভাবে গতকাল সোমবার মেহেরপুর জেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিশু কিছুক্ষণের জন্য ঘটা করে গল্পের বই পড়ল।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল সোমবার বইপড়া উৎসবের আয়োজন করে মেহেরপুর সেভ দ্য চিলড্রেন। শব্দ করে শিশুদের বই পড়ার এই উৎসব দেখতে প্রতিটি স্কুলেই জড়ো হয়েছিল শিশুদের অভিভাবক, স্বজন, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ এলাকার সুধীজন। বইপড়া উৎসব শেষে শিশুরা বৃত্ত হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। পরে সবাইকে বই পড়ার আহ্বান জানিয়ে সাক্ষরতা দিবসের শোভাযাত্রা বের করা হয়।
গতকাল সদর উপজেলার উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল চত্বরে বই পড়ার উৎসব দেখা যায়। শব্দ করে বই পড়া ২০ মিনিটের জন্য উজলপুর গ্রামের পুরো পরিবেশকে বদলে দেয়।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসনিমা খাতুন জানায়, গ্রামের সবাইকে নিয়ে বই পড়ার এমন উৎসব পরিবারে শিক্ষার পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখবে। তাই ঘন ঘন এমন উৎসব করার দাবি তার।