বিদ্যালয়ে যাওয়ার পথে পিষ্ট হলো শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি হওয়ার মাত্র ১৩ দিনের মধ্যেই বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে জুমান চাকমা (৫) নামের এক স্কুলছাত্র। গতকাল মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি ইউনিয়নের ধর্মঘর এলাকায় এ ঘটনা ঘটে।
জুমান উপজেলার ধর্মঘর গ্রামের অজিত কুমার চাকমার ছেলে। সে কুতুকছড়ি বাজারে অবস্থিত বিএম কেজি স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল। ওই দুর্ঘটনায় আহত জুমানের মা পদ্মাদেবী চাকমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা জানান, পয়লা জানুয়ারি জুমান চাকমাকে বিএম কেজি স্কুলে ভর্তি করা হয়। গত কয়েক দিনের মতো গতকাল জুমানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন পদ্মাদেবী চাকমা। পথে সকাল সাতটার দিকে ধর্মঘর এলাকায় একটি ট্রাক তাকে (জুমান) চাপা দেয়। এতে জুমানের মাথা থেঁতলে গিয়ে রাস্তার সঙ্গে মিশে যায়। এ সময় পদ্মাদেবী ট্রাকের ধাক্কায় দূরে ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। তবে ট্রাকের ওপর থাকা পাঁচজন শ্রমিক সেখানেই ছিলেন। তাঁরা জানান, ট্রাকটি বাঁশ আনার জন্য নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে যাচ্ছিল। ট্রাকের চালক ও সহকারীর নাম তাঁদের জানা নেই। ঘটনার পরপরই পদ্মাদেবীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নূযয়েন খীসা প্রথম আলোকে জানান, পদ্মাদেবীর আঘাত তেমন গুরুতর নয়। এর পরও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছেলের মৃত্যুতে পদ্মাদেবী প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন।
সন্তু বিকাশ চাকমা ও আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, একমাত্র ছেলের মৃত্যুতে অজিত কুমার চাকমা দিশেহারা হয়ে পড়েছেন। স্ত্রী পদ্মাদেবীও হাসপাতালে ভর্তি। এ কারণে তাঁদের অভিভাবকসহ গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছেন, মামলা করা হবে না। যা হওয়ার হয়ে গেছে।