বিদ্যালয়ে রাখা গেল না ওদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার থেকে শুরু হওয়া জেএসসি ও সমমানের পরীক্ষার আগে রংপুরের কাউনিয়া উপজেলায় ওই শ্রেণিতে পড়ুয়া ৪৬৮ জন শিক্ষার্থী ঝরে গেছে। বাল্যবিবাহ ও দারিদ্র্যই ওই শিক্ষার্থীদের ঝরে পড়ার মূল কারণ বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩৩টি মাধ্যমিক ও পাঁচটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের শুরুতে অষ্টম শ্রেণিতে ৩ হাজার ৪২৮ জন ও ১৭টি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে ৪৯০ জন শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এসব শিক্ষার্থীর গতকাল থেকে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে স্কুল পর্যায়ে ৩ হাজার ২০ জন ও মাদ্রাসায় ৪৩০ জন পরীক্ষার্থী। তারাই গতকাল থেকে সারা দেশে শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অষ্টম শ্রেণিতে ভর্তি এবং জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরিসংখ্যানমতে, এবার উপজেলায় শুধু অষ্টম শ্রেণিতেই ঝরে পড়েছে ৪৬৮ জন শিক্ষার্থী।
নাজিরদহ একতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ‘নিভৃত গ্রামগুলোতে অপ্রতিরোধ্য বাল্যবিবাহের কারণে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা যাচ্ছে না। চলতি বছরে আমার স্কুলের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর বিয়ে হয়েছে।’ এ জন্য তিনি বাবা-মায়ের অসচেতনতা, স্থানীয় নিকাহ নিবন্ধকদের দোষারোপ করেন।
তিস্তার চরাঞ্চলবেষ্টিত পল্লীমারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, তাঁর বিদ্যালয়ে ২০১৩ সালে ষষ্ঠ শ্রেণিতে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। কিন্তু এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মাত্র ২৯ জন। ঝরে পড়া ৩১ জনের মধ্যে দুজন টিসি নিয়ে অন্যত্র চলে গেছে। ১২ জন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়েছে। ১৭ জন দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তিনি বলেন, বাবা-মায়ের অজ্ঞতা, দারিদ্র্য এবং এলাকায় অপ্রতিরোধ্য বাল্যবিবাহের কারণে শুধু তাঁর স্কুলে নয়, উপজেলার প্রায় সব স্কুলে শিক্ষার্থী ঝরে পড়ছে।
মীরবাগ বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী নুরুল ইসলাম জানান, চলতি বছরে তাঁর বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চারজন শিক্ষার্থীর বিয়ে হয়েছে। এ কারণে তাঁদের নাম উপবৃত্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বরুয়াহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আওলাদ বলেন, তাঁর বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১১৩ শিক্ষার্থীর মধ্যে ১৩ জন ঝরে পড়েছে। এদের মধ্যে অনেকে বাল্যবিবাহের শিকার হয়েছে।
সিংহেরকুড়া আহম্মদিয়া দাখিল বালিকা মাদ্রাসার সুপার ফজলুল হক বলেন, ‘অষ্টম শ্রেণিতে আমার মাদ্রাসায় এবার ২৪ জন ভর্তি হয়। এর মধ্যে দুজনের ইতিমধ্যে বিয়ে হওয়ায় তারা স্বামীর সংসারে চলে গেছে। এ ছাড়া দারিদ্র্যের কারণে একজন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বাল্যবিবাহ ও দারিদ্র্যের কারণে উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষার আগে কিছু শিক্ষার্থী ঝরে পড়েছে।’