বিদ্যালয়ে শিক্ষক মাত্র একজন, পাঠদানে বিঘ্ন
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের এম চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক কার্যক্রম চালাচ্ছেন। এতে পাঠদান মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে মধুমতী নদীর অপর পাড়ে অবস্থিত এ বিদ্যালয়ে শিক্ষার্থী ১৬৬ জন। শিক্ষকের পদ আছে চারটি। প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষক দীপক কুমার বালা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সহকারী শিক্ষক আঞ্জুমান আরা ফেরদৌস ও ইমরোজা খানম গত এপ্রিল মাস থেকে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। বিদ্যালয়ে দুই পালায় পড়ানো হচ্ছে। প্রথম পালায় শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণির এবং দ্বিতীয় পালায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস হয়। দীপক কুমার বালাকেই সব কটি শ্রেণির ক্লাস সামলাতে হচ্ছে। এ ছাড়া মাসিক সভা, ক্লাস্টার সভা, বিভিন্ন প্রশিক্ষণসহ বিদ্যালয়ের নানা কাজে প্রায়ই বাইরে থাকতে হয় তাঁকে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রামিম, রিতা, আবদুল্লাহসহ কয়েকজন বলে, সামনে সমাপনী পরীক্ষা, অথচ একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। এতে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না।
দীপক কুমার বালা ১৪ আগস্ট উপজেলা শিক্ষা কার্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র নিতে এসেছিলেন। বিদ্যালয় কে সামলাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের পাশের এক বাসিন্দাকে বিদ্যালয় খুলতে বলেছি। শিক্ষকসংকটের কারণে কার্যক্রম ঠিকমতো চালানো যাচ্ছে না। জরুরি ভিত্তিতে শিক্ষক প্রয়োজন।’
এম চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কোটাকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বলেন, ‘১৩ আগস্ট উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিষয়টি তুলে ধরে আলোচনা করেছি।’ তিনি জানান, সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে তালা মারতে চেয়েছিলেন। কোনোমতে তা সামাল দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফার রহমান বলেন, ‘আমি সম্প্রতি যোগ দিয়েছি। ওই বিদ্যালয়ে পুল (অস্থায়ী) শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।’